ত্রিশালে ফুটপাত দখল করে অবৈধ দোকানপাট নির্মাণ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল বাসস্ট্যান্ডসহ প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে ফুটপাত দখল করে বিভিন্ন অবৈধ দোকানপাট গড়ে তোলা হয়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ফোর লেনের  কাজ সম্পন্ন হলেও সাধারণ পথচারীদের যাতায়াতসহ নানা সমস্যায় পড়তে হচ্ছে।
 
সরেজমিনে ঘুরে দেখা গেছে, ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে উঠেছে চা, পান-সিগারেট, ফলের দোকানসহ নানা ভাসমান ও স্থায়ী অসংখ্য দোকানপাট। ত্রিশাল বাসস্ট্যান্ডের লোকাল বাস দাঁড়ানোর স্থানটি দখল করে সেখানে প্রতিদিন বসে কাঁচা বাজারের হাট। এ ছাড়া এলাকাটি অসংখ্য প্যানা আর সাইনবোর্ডেও ছেয়ে গেছে। জায়গা না পেয়ে লোকাল বাসগুলো রাস্তার অনেকটা অংশ জুড়ে দাঁড়িয়ে থাকে যাত্রী ওঠা-নামার জন্য। ফলে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা।

 
পথচারীদের অভিযোগ, ফুটপাত মানুষের হাঁটার জন্য—দোকানপাট বসানোর জন্য নয়। অথচ ফুটপাতে মানুষের হাঁটার কোনো পরিবেশ নেই। আগামী ২৫ মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ত্রিশালে জাতীয় পর্যায়ে জন্মজয়ন্তী অনুষ্ঠিত হবে। নজরুল জন্মজয়ন্তীর অনুষ্ঠানকে ঘিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখ লাখ লোকের সমাগম ঘটে ত্রিশালে। এ অনুষ্ঠানকে সামনে রেখে যদি এই অবৈধ ফুটপাত দখলদারদের উচ্ছেদ করা না হয়, তবে আমাদের চরম দুর্ভোগের সম্মুখীন হতে হবে। তাই স্থানীয় প্রশাসনের কাছে পথচারীদের দাবি দ্রুত সময়ের মধ্যে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে ফুটপাত দখলমুক্ত করা হোক। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপন জানান, দ্রুততম সময়ের মধ্যে ফুটপাত দখলদারদের উচ্ছেদ করা হবে এবং ইতোমধ্যেই এ ব্যাপারে বাস মালিকদের সঙ্গে কথা বলা হয়েছে।
 
 

ইত্তেফাক/এএন