গঙ্গাচড়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান

রংপুরের গঙ্গাচড়ায় বড়রুপাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকি নিয়ে চলছে শ্রেণি পাঠদান কার্যক্রম। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন কর্তৃপক্ষ।                                                               
 
উপজেলার মর্নেয়া ইউনিয়নের বড়রুপাই সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৩৬ সালে প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীতে ১৯৯৮-৯৯ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর  ৩ কক্ষ বিশিষ্ট একটি ভবন নির্মাণ করে। বর্তমানে যার প্রতিটি কক্ষের বিমে ফাটল ধরেছে এবং পলেস্তার খসে পড়ছে। বৃষ্টি হলে পানি চুইয়ে পড়ে। ঝুঁকিপূর্ণ এ ভবনটি ইতিমধ্যেই পরিত্যক্ত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তারপর বিদ্যালয় কর্তৃপক্ষ ঝুঁকি নিয়ে শিশুদের পাঠদান কার্যক্রম পরিচালনা করছেন।
 
সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে দেখা যায় বর্তমানে বিদ্যালয়টিতে ৯ জন শিক্ষক ও ৩৭৩ জন শিক্ষার্থী রয়েছে। এ সময় বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র আব্দুর রহমান ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সোহাগ মিয়া ও পুষ্প মনি বললো আমরা অত্যন্ত ভয়ে ভয়ে ক্লাস করছি। শিক্ষকরাও অফিসের কাজ-কর্ম পরিচালনা করছেন। কখন যে কি হয়। শিক্ষক ও শিক্ষার্থীরা রয়েছে চরম আতঙ্কে।
 
প্রধান শিক্ষিকা সুপর্ণা ভৌমিক বলেন, ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হলেও জায়গা স্বল্পতার কারণে অফিস কার্যক্রম ও শ্রেণি পাঠদান চালাতে হচ্ছে। তিনি আরো বলেন, এরই মধ্যে উপরের পলেস্তার  খসে ছাত্র ও শিক্ষকের ঘাঁড়ে পড়েছিল। তাছাড়া বৃষ্টি হলে শ্রেণিকক্ষে পানি পড়ে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বেশ কয়েকবার অবহিত করেছেন তিনি। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ছাইয়াদুর রহমান বলেন, ভবনে ঝুঁকি নিয়েই ক্লাস করছে স্যার ও শিক্ষার্থীরা।                                                                                                                  
 
গঙ্গাচড়ার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ইব্রাহিম  হোসেন বলেন, ভবনটি তিনি দেখেছেন। অবস্থা ভয়াবহ। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান বলেন, ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। মেরামতের উপায় নেই। তবে উপরের ছাদটি ভেঙ্গে টিন সেড দেয়া যেতে পারে।
 
 

ইত্তেফাক/এএন