জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রথম হারের মুখ দেখল মুক্তিযোদ্ধা। সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুক্তিযোদ্ধাক ৩-২ গোলে হারায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
এই জয়ে ১৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে উঠে গেল শেখ জামাল।হারের কারণে দ্বিতীয় অবস্থানে মুক্তিযোদ্ধা। ছয় ম্যাচে তাদের পয়েন্ট ১২।
এদিন খেলার চতুর্থ মিনিটেই এগিয়ে যায় শেখ জামাল। একক নৈপুণ্যে গোল করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড এমেকা ডারলিংটন। মাঝমাঠ থেকে তাকে থ্রু পাস দিয়েছিলেন ডিফেন্ডার কেষ্ট কুমার বোস। গতি আর পায়ের কাজে এমেকা ঝেড়ে ফেলেন দুই মুক্তিযোদ্ধা ডিফেন্ডারের প্রতিরোধ। গোলপোস্টের নিচে গোলরক্ষক মামুন খানকে ফাকি দিয়ে জালে জড়ান বল।
এর পাঁচ মিনিট পর এমেকার কাছ থেকেই দ্বিতীয় গোলের দেখা পায় শেখ জামাল। মুক্তিযোদ্ধা ডিফেন্ডার পিন্টু কুমার দাস প্রতিপক্ষের একটি আক্রমণ ঠেকাতে গিয়ে বল হাতে লাগিয়ে ফেলেন। বক্সের ভেতরে হ্যান্ডবল, তাই পেনাল্টি দিতে একটুও দেরি করেননি রেফারি আর স্পট কিক থেকে গোল করতেও ভুল করেননি এমেকা।
তবে মুক্তিযোদ্ধা সুযোগ পেয়েছিল ১৩ মিনিটে,উইঙ্গার মোবরককে বক্সের মাঝে ফাউল করেন ডিফেন্ডার ইয়াসিন খান,ফলে পেনাল্টি পায় মুক্তিযোদ্ধা,কিন্তু নাইজেরিয়ান ফরোয়ার্ড আহমেদ কোলো মুসার শট পাঞ্চ করে রক্ষা করেন জামাল গোলরক্ষক মাকুসুদুর হমান মোশতাক।
শেখ জামালের হাইতিয়ান ফরোয়ার্ড ওয়েডসন এনসেলমে ৩৩ মিনিটে করেন তৃতীয় গোলটি,বক্সের ওপর থেকে নেয়া বাঁকানো শটটি ফেরাবার সময় পাননি মামুন খান।
অবশ্য প্রথমার্ধের শেষ মিনিটে পেনাল্টিতে ব্যবধান কমায় মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা ফরোয়ার্ড জাভেদ খানকে ফেলে দিয়েছিলেন জামাল গোলরক্ষক মোশতাক, এবার দলকে গোল পাইয়ে দেন ফরোয়ার্ড তৌহিদুল আলম।
দ্বিতীয়ার্ধে কিছুটা আক্রমণাত্বক হয়ে ওঠা মুক্তিযোদ্ধা দ্বিতীয় গোল করে ৭৩ মিনিটে। দূর পাল্লার শটে ৩০ গজ দূর থেকে গোলটি করেন নাইজেরিয়ান মিডফিল্ডার সাইমন উজডিউকা।
ইত্তেফাক/এমএইচ