ডেভিস কাপে গ্রেট ব্রিটেনের হয়ে খেলতে নেমে সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে ব্রিটিশ নাম্বার ওয়ান অ্যান্ডি মারের। সিঙ্গেলস ও ডাবলস দুই বিভাগে এবার একটু বিশ্রাম চাইলেন মারে।
মারে বলেন, ‘গত কয়েক মাস আমি প্রচুর টেনিস খেলেছি। আমার এখন বিশ্রাম দরকার, আর এটি আমার এখনই দরকার।’
শেষ চারের ম্যাচে পুরুষ এককে আর্জেন্টিনার হুয়ান মার্টিন দেল পোত্রোর বিপক্ষে ৬-৪, ৫-৭, ৬-৭, ৬-৩ ও ৬-৪ সেটে হেরে বিদায় নেন। অন্যদিকে ডাবলসে ভাই জ্যামি মারের সঙ্গে জুটি হয়ে সেমিফাইনালে খেলেন মারে। তবে সেখানেও দেল পোত্রো ও লিওনার্দো মায়েরের বিপক্ষে ৬-১, ৩-৬, ৬-৪ ও ৬-৪ সেটে হেরে যান।
২৯ বছর বয়সী মারে বেশ কয়েকমাস ধরে খেলার মাঝে রয়েছেন। ফ্রেঞ্চ ওপেনের ফাইনালের পর ক্যারিয়ারের দ্বিতীয় উইম্বল্ডন ওপেন জিতেছেন। পরবর্তীতে রেকর্ড দ্বিতীয়বার অলিম্পিক স্বর্ণ জিতেছেন। কিন্তু সদ্য শেষ হওয়া ইউএস ওপেনে জাপানের কেই নিশিকোরির বিপক্ষে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়েছেন।
ইত্তেফাক/এমএইচ