তনু হত্যার ছয় মাস : বিচারের দাবিতে প্রতিবাদী সঙ্গীত ও সমাবেশ

 
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ৬ মাস পূর্ণ হল মঙ্গলবার। কিন্তু এ পর্যন্ত এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ঘাতকদের শনাক্ত বা গ্রেফতার করতে পারেনি তদন্তকারী সংস্থা। এ ছাড়া তনুর ডিএনএ নমুনায় ৩ জন ধর্ষণকারীর শুক্রাণু পাওয়া গেলেও ডিএনএ নমুনা ম্যাচিং কার্যক্রমও শুরু করতে পারেনি সিআইডি।
 
এদিকে ডিএনএ প্রতিবেদনের ভিত্তিতে প্রকৃত খুনিদের শনাক্ত করে গ্রেফতারের দাবিতে আজ মঙ্গলবার বাউল পদযাত্রা ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে গণজাগরণ মঞ্চ কুমিল্লা ও অচীন পাখি বাউল গোষ্ঠী।
 
জানা গেছে, দীর্ঘ ৬ মাসেও তনুর ঘাতকরা শনাক্ত কিংবা গ্রেফতার না হওয়ায় মঙ্গলবার বেলা ১১টা থেকে কুমিল্লা নগরীর পূবালী চত্বর থেকে বাউল পদযাত্রা ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে গণজাগরণ মঞ্চ কুমিল্লা ও অচীন পাখি বাউল গোষ্ঠী। গণজাগরণ মঞ্চ কুমিল্লার অন্যতম সংগঠক খায়রুল আনাম রায়হান বলেন, ৬ মাস পেরিয়ে গেল কিন্তু এখন পর্যন্ত মামলার কোন অগ্রগতি দেখা যাচ্ছে না। দুই দফা লাশের ময়নাতদন্ত হয়েছে। কিন্তু মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয় করা হয়নি। এছাড়া সন্দেহভাজনের সঙ্গে তনুর পোশাকে পাওয়া ডিএনএ নমুনা ম্যাচ করার কাজটিও শুরু হয়নি। অচীন পাখির বাউল গোষ্ঠীর বাউল বজলুর রহমান বাবুল জানান, ৩০ জন বাউলের অংশগ্রহণে নগরীর জামতলায় প্রতিবাদী সঙ্গীতের আয়োজন করা হয়েছে।
 
দুপুর ২টার দিকে প্রতিবাদী সঙ্গীত ও সমাবেশ শেষ হবে বলে আয়োজকরা জানিয়েছেন। তনুর মা আনোয়ারা বেগম বলেন, মেয়েকে হারিয়ে মেয়ের কবর দেখে নীরবে কেঁদে কেঁদে সময় কাটাচ্ছি। ঈদে বাড়িতে গিয়ে দেখি তনুর কবর বৃষ্টির পানিতে ভেঙ্গে গেছে, এ কবরটি পুনরায় মাটি দিয়ে ঠিক করিয়েছি। তিনি বলেন, ৬ মাস অতিবাহিত হলেও খুনিদের কেউ এখন পর্যন্ত শনাক্ত বা গ্রেফতার হয়নি। তিনি অবিলম্বে ডিএনএ ম্যাচিংয়ের মাধ্যমে ঘাতকদের শনাক্ত ও গ্রেফতার দাবি করেন।
 
উল্লেখ্য গত ২০ মার্চ রাতে কলেজ ছাত্রী সোহাগী জাহান তনুর লাশ কুমিল্লা সেনানিবাসের অভ্যন্তরের একটি জঙ্গল থেকে উদ্ধার করা হয়। এ ঘটনার পরদিন তনুর বাবা কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহায়ক ইয়ার হোসেন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন। দুই দফায় তদন্তকারী সংস্থা/কর্মকর্তা পরিবর্তন করে গত ১ এপ্রিল থেকে মামলাটি তদন্ত করছে অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।
 
ইত্তেফাক/আরএ