লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইচাপুর ইউনিয়নে জনপ্রতিনিধি ও পল্লি বিদ্যুৎ জোনাল অফিসের একটি সিন্ডিকেট বিদ্যুৎ বিতরণের নামে প্রতারণা করে প্রায় ৪০ লক্ষ টাকা আত্মসাত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। অতিরিক্ত টাকা দেয়ার পরও বিদ্যুৎ না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে আছেন প্রতারণার শিকার লোকজন। এ ঘটনায় ইউনিয়নব্যাপী ক্ষোভের সৃষ্টি হলে জড়িতদের বিষয়ে তালিকা করে ব্যবস্থা নেয়ার কথা জানান স্থানীয় এমপি লায়ন এম এ আওয়াল।
স্থানীয় সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের সংসদ সদস্য ও তরিকত ফেডারেশনের মহাসচিব লায়ন এম এ আউয়াল ছয় মাস আগে তার নিজ এলাকা ইচাপুর ইউনিয়নের শ্রীরামপুর, নারায়নপুর, উত্তর শ্রীরামপুর, নয়নপুর, নুনিয়াপাড়া, শিবপুর, শ্যামদানপুরসহ কয়েকটি গ্রামে বিদ্যুতায়নের জন্য প্রতিশ্রুতি দেন। এরপর তার আস্থাভাজন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ খাঁন, ছাত্রলীগ নেতা মিলন পাটোয়ারী, আওয়ামী লীগ নেতা লোকমান হোসেন লোকা ও বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যরা একযোগ হয়ে রামগঞ্জ পল্লি বিদ্যুত জোনাল অফিসের নুরুল ইসলাম নুরুসহ কিছু অসাধু লোকজনের যোগসাজসে ইউনিয়নব্যাপী আট শ পরিবারের কাছ থেকে প্রতি মিটারে ২৩ হাজার টাকার চুক্তিতে ১ম ধাপে পাঁচ হাজার করে ৪০ লক্ষ টাকা হাতিয়ে নেয়।
উপজেলা পল্লি বিদ্যুত জোনাল অফিসের ডিজিএম আকবর মিয়া বলেন, ‘বেশি টাকা উত্তোলনের কথা আমিও শুনেছি। প্রতি মিটারে আমরা ছয় শ টাকা ফি নিয়ে থাকি। এরপর থেকে বেশি টাকা যারা নিয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’
লক্ষ্মীপুর ১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য লায়ন এম এ আউয়াল বলেন, ‘টাকা উত্তোলনের বিষয়টি আমি শুনেছি। এ ঘটনায় জড়িতদের বিষয়ে তালিকা করে ব্যবস্থা নেয়া হবে।’
ইত্তেফাক/এএসএমইউ