রামগঞ্জে যুবলীগ নেতাকে হত্যার চেষ্টা

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় এমরান হোসেন (২৫) নামে এক যুবলীগ নেতা গলাকেটে হত্যার চেষ্টা চালিয়েছে প্রতিপক্ষের লোকজন।
 
মঙ্গলবার সকালে উপজেলার হাজীপুর গ্রামে সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে।তিনি লামচর ইউনিয়নের যুবলীগ সভাপতি।
 
এমরানকে প্রথমে রামগঞ্জ হাসপাতাল পরে  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। এ ব্যাপারে এমরানের ভাই আলমঙ্গীর হোসেন ৫ জনকে আসামি করে রামগঞ্জ থানা একটি মামলা করেছে।
 
জানা গেছে, উপজেলার হাজীপুর গ্রামের শামসুল ইসলাম পাটোয়ারীর সঙ্গে একই বাড়ির ইব্রাহিমের র্দীঘদিন ধরে সম্পত্তি নিয়ে  বিরোধ চলে আসছে। সোমবার বিকেলে শামসুল ইসলামের পুত্র নুরুল হুদার স্ত্রী মর্জিনা বেগম পুকুরে ড্রেজার মেশিন বসান। মঙ্গলবার সকালে একই পুকুরে ইব্রাহিম আরেকটি ড্রেজার মেশিন বসালে মর্জিনা বাধা দেন। এক পর্যায়ে ইব্রাহিম ও তার বোন নারগিছ বেগম উত্তেজিত হয়ে মর্জিনা বেগমকে মারধর করেন।
 
ভাবির চিৎকারে যুবলীগের সভাপতি এমরান হোসেন ছুটে আসলে নারগিছের স্বামী নাদিম হোসেন ধারালো অস্ত্র দিয়ে এমরান হোসেনকে গলাকেটে হত্যার চেষ্টা করেন।
 
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)তোতা মিয়া বলেন, আহত এমরানের বড় ভাই আলমঙ্গীর হোসেন পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
 
ইত্তেফাক/ইউবি