পাবনায় নকল এনার্জি ড্রিংক কারখানার সন্ধান, আটক ৩

পাবনা শহরের শালগাড়িয়া মহল্লায় মঙ্গলবার অভিযান চালিয়ে নকল এনার্জি ড্রিংক তৈরি কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব। এ সময় তিনজনকে আটক করা হয় ।
 
র‌্যাব জানায়, ওই এলাকার ফারুক হোসেনের একটি বাসা ভাড়া নিয়ে মনিরুল ইসলাম ও আব্দুল কাদের নামে দুই ব্যক্তি বিএসটিআইএর অনুমোদন ছাড়া নকল যৌন উত্তেজক এনার্জি ড্রিংক তৈরি ও বাজারজাত করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার বীনা রানী দাশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হামিদুর রহমানের নেতৃত্বে মঙ্গলবার দুপুরে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানা থেকে বিপুল পরিমাণ নকল এনার্জি ড্রিংক ও তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।
 
এ ছাড়া বাড়ির মালিক ফারুক হোসেনের ঘর থেকে মানুষের মাথার খুলি ও একটি তলোয়ার উদ্ধার করা হয়। এ সময় তিনজনকে আটক করা হয়। পরে দুইজনকে ৬ মাস করে কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ ছাড়া বাড়ির মালিকের বিরূদ্ধে মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হয়।
 
ইত্তেফাক/ইউবি