পুলিশে যোগদানের নয়দিনের মাথায় এক কন্সটেবল রিকশাচালককে উপর্যুপরি গুলি চালিয়ে গুরুত্বর আহত করেছেন। মঙ্গলবার বিকাল পৌনে তিনটার দিকে রাজধানীর পল্টন মোড়ে এ ঘটনা ঘটে।
আহত রিকশাচালক মোহাম্মদ হানিফকে ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তির পর রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে নেয়া হয়েছে। ঘটনা তদন্তে মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার তারেক-বিন রশিদকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ঢামেক সূত্রে জানা গেছে, হানিফ রিকশা নিয়ে পল্টন মোড় অতিক্রম করছিলেন। এ সময় ওই কন্সটেবল তার শর্টগান তাক করে পরপর চার রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। সেখানে কর্তব্যরত অন্য পুলিশ সদস্যরাও এ ঘটনায় হতবাক হয়ে যান। পরে মুহূর্তের মধ্যেই তাকে আটক করা হয়।
রিকশাচালকের ডান হাতের বাহু, কনুই, পিঠের ডানপাশে ও কোমরের মাঝামাঝি অংশে চারটি রাবার বুলেট বিদ্ধ হয়। ঘটনার পরপরই পল্টন থানার পরিদর্শক (অপারেশন্স) আবু সিদ্দিক তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে এই পুলিশ কর্মকর্তা জানান, বিষয়টি মিসফায়ার। অসাবধানতাবশত শর্টগান থেকে রাবার বুলেট বের হলে রিকশাচালক আহত হন।
তবে আহত হানিফ জানান, তাকে লক্ষ্য করে ওই কন্সটেবল হঠাত্ করেই গুলি ছোড়ে। আবু হানিফের বাসা ঢাকার যাত্রাবাড়ীর মীরহাজীর বাগে।
পুলিশের একটি সূত্র জানায়, এই কন্সটেবল এক বছরের প্রশিক্ষণ শেষে ১১ সেপ্টেম্বর ঢাকা মেট্রোপলিটন পুলিশে যোগ দেন। যোগ দেয়ার এই নয়দিনের মাথায় এ ধরনের ঘটনাটি রহস্যের সৃষ্টি করেছে।
পুলিশের মতিঝিল বিভাগের উপকিমশনার আনোয়ার হোসেন বলেন, ‘ঘটনাটি তদন্তে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দ্রুত প্রতিবেদন দেয়ার জন্য তাদের বলা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’
তিনি জানান, রাজারবাগ পুলিশ লাইন্সে আহত রিকশাচালকের সব ব্যয় পুলিশ বহন করবে।
ইত্তেফাক/এএম।