হুজি সদস্য হারুনের ১৫ দিনের রিমান্ড আবেদন

ফেনী ও সিলেটে হত্যা ও বিস্ফোরক মামলার পলাতক আসামি হরকাতুল জিহাদ (হুজি) সদস্য আবু ওবায়দা হারুনকে মঙ্গলবার দুপুরে কড়া নিরাপত্তায় ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যুব যুতি পালের আদালতে হাজির করা হয়। আদালত বুধবার শুনানির দিন ধার্য করেন।
 
মামলার তদন্ত কর্মকর্তা সোনাগাজী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মেজবাহ উদ্দিন খান জানান, আবু ওবায়দা হারুনকে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যুব যুতি পালের আদালতে হাজির করে ১৫ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত বুধবার শুনানির দিন ধার্য করেন।
 
এদিকে তার বিরুদ্ধে সিলেট কোতোয়ালি থানায় একটি হত্যা ও একটি বিস্ফোরক আইনের মামলায় পলাতক আসামি হিসেবে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এ ছাড়া ফেনীর সোনাগাজী মডেল থানায় একটি হত্যা মামলা ও দুটি বিস্ফোরক আইনে মামলা রয়েছে।
 
আবু ওবায়দা হারুনকে ফেনী জেলা গোয়েন্দা পুলিশ সোমবার রাতে ফেনী শহরের ট্রাংক রোড এলাকা থেকে গ্রেফতার করে ফেনী মডেল থানায় সোপার্দ করে। হারুন সোনাগাজী উপজেলার চরচান্দিয়া গ্রামের আবু তৈয়ব মাওলানা ওরফে গোলাম কিবরিয়ার ছেলে।
 
ইত্তেফাক/ইউবি