না’গঞ্জে নদীতে গোসল করতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে নিহত ৩, আহত ৭

বন্দরে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে শিশুসহ ৩ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে বন্দরের কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ির পিছনে শুভকরদী এলাকায় নদীতে গোসল করতে গিয়ে তারা বিদ্যুত্স্পৃষ্ট হন। নিহতরা হলেন সৌদী প্রবাসী মাসুদ (৩৩), গৃহবধূ কৃষ্ণা রানী ঘোষ (৩০) ও তার মেয়ে শান্তি রানী ঘোষ (৪)। আহত হন এএসআই মিজানুর রহমান, শাফিনুর রহমান, খোদেজা বেগম, রোকশানা বেগম, রাকিবুর রহমান ও ববিতা রানী ঘোষ। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বি মিয়া ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিটি লাশ সত্কার ও দাফনের জন্য ২০ হাজার করে মোট ৬০ হাজার টাকা অনুদান প্রদান করেন। এ ঘটনায় নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুত্ কর্তৃপক্ষ দায়িত্বে অবহেলার কারণে ৫ কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছেন।
 
বন্দর থানার ওসি আবুল কালম জানান, বিদ্যুত পোলের ইনস্যুলেটর বিস্ফোরিত হয়ে আগুনের গোলা তারসহ নদীতে পড়ে এবং পানি বিদ্যুতায়িত হয়ে যায়। এতে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে ৩ জন নিহত ও ৭ জন আহত হন। কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আহত এএসআই মিজানুর রহমান জানান, হতাহতরা তার পুলিশ ফাঁড়ির পেছনে ধলেশ্বরী শাখা নদীতে গোসল করতে গিয়েছিলেন। এ সময় পল্লী বিদ্যুতের লাইনম্যানরা নদীর উপর দিয়ে যাওয়া বিদ্যুতের খুটিতে কাজ করছিল। তখনই খুটিতে বিস্ফোরণ ঘটে। ঘটনার পর জেলা প্রশাসক হোলাম রাব্বি মিয়া ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিটি লাশের সত্কারের জন্য ২০ হাজার টাকা করে নগদ অনুদান দেন। ঘটনাস্থল পরির্দশন করেছেন নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মতিয়ার রহমান, বন্দর উপজেলা নির্বাহী ম্যাজিস্টেট হোসেন আরা বেগম বিনা ও কলাগাছিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব দোলোয়ার হোসেন প্রধান।
 
এদিকে দায়িত্বে অবহেলার কারণে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুত সমিতি কর্তৃপক্ষ বন্দর পল্লী বিদ্যুত্ জোনাল অফিসের ডিজিএম জাকির হোসেন, এজিএম সোলাইমান, জুনিয়র ইঞ্জিনিয়ার মামুন, মমিন ও পরিমলকে সাময়িক বরখাস্ত করেন।
 
 
ইত্তেফাক/এএন