টাঙ্গাইলের মির্জাপুরে বাস উল্টে একজন নিহত ও আটজন আহত হয়েছেন। বুধবার সকালে মির্জাপুর বাইপাসের পোস্টকামুরী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আতাউরের বাড়ি মানিকগঞ্জ সদরের বারুল বাজার এলাকায়। আহতদের মধ্যে চারজনকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, রংপুরের পীরগঞ্জ থেকে আরএস পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি মির্জাপুরে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এসময় আতাউর বাসের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নেয়া হলে সেখানে তিনি মারা যান।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) বাবলু শেখ জানিয়েছেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ইত্তেফাক/এএসএস