লেস্টারকে হারিয়ে লিগ কাপের চতুর্থ রাউন্ডে চেলসি

 
লেস্টার সিটির কাছে লিগের হোম ম্যাচে দুই গোলে পিছিয়ে ছিল চেলসি। সেখান থেকে দুর্দান্তভাবে ঘুরে দাড়িয়ে লেস্টারের মাঠে জয় পেয়েছে চেলসি। সেই সঙ্গে তৃতীয় রাউন্ডের এই ম্যাচটি ৪-২ ব্যবধানে জিতে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছে তারা।
 
ইপিএলে গত সপ্তাহে সোয়ানসি সিটির সঙ্গে ড্র করার পর শনিবার লিভারপুলের কাছে হেরেছিল স্ট্যামফোর্ড ব্রিজের দলটি। কিং পাওয়ার স্টেডিয়ামে সপ্তদশ মিনিটে হেডে দলকে এগিয়ে দেওয়ার পর ৩৪তম মিনিটে দুরূহ কোণ থেকে ব্যবধান দ্বিগুণ করেন জাপানের ফরোয়ার্ড শিনজি ওকাজাকি। বিরতিতে যাওয়ার ঠিক আগে সেস ফাব্রেগাসের কর্নার ছয় গজ বক্সের বাঁ দিকে পেয়ে হেডে ব্যবধান কমান গ্যারি ক্যাহিল। আর দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে প্রায় ২০ গজ দূর থেকে দুর্দান্ত এক ভলিতে চেলসিকে সমতায় ফেরান স্প্যানিশ ডিফেন্ডার সেজার আসপিলিকুয়েতা।
 
৭৫তম মিনিটে সহজ দুটি সুযোগ হারায় লেস্টার। প্রথমবার আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনার্দো উলোয়া গোলরক্ষককে একা পেয়েও লক্ষ্যভ্রষ্ট শট নেন। কয়েক সেকেন্ড পর গোলমুখ থেকে মিডফিল্ডার অ্যান্ডি কিংয়ের হেড ক্রসবারের উপর দিয়ে চলে যায়। ৮৪তম মিনিটে এগিয়ে যেতে পারতো চেলসি; কিন্তু দিয়েগো কস্তার জোরালো শট ঠেকিয়ে দেন গোলরক্ষক।
 
এর পাঁচ মিনিট পর বড় ধাক্কা খায় লেস্টার; কস্তাকে অহেতুক ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন পোলিশ ডিফেন্ডার মার্সিন ভাসিলেভস্কি।
 
এক জন কম নিয়ে অতিরিক্ত সময়ে আর পেরে ওঠেনি লেস্টার। দুই মিনিটের ব্যবধানে স্কোরলাইন ৪-২ করে ফেলেন সেস ফাব্রেগাস; ৯২ ও ৯৪তম মিনিটে গোল দুটি করেন স্পেনের এই মিডফিল্ডার। বিডি নিউজ।