ম্যাচ ফ্যাক্টরিতে শিশুকে হত্যা

 
রাজধানীর কদমতলীতে আবদুল্লাহ নামে সাত বছর বয়সী এক শিশুকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
 
বুধবার বিকেল ৩টার দিকে বন্ধ থাকা উজালা ম্যাচ ফ্যাক্টরির ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় আবদুল্লাহকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
আবদুল্লাহর বাবা মোস্তফা মিয়া স্থানীয় পল্লী বি‌দ্যুৎ কার্যালয়ের গাড়ি চালক। আর মা আয়েশা বেগম স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে কাজ করেন। শ্যামপুরের আলীবহর এলাকার এক বাসায় তারা ভাড়া থাকেন।
 
আয়েশা জানান, পাশের বাসার এক নারীর কাছে খবর পেয়ে ম্যাচ ফ্যাক্টরির ভেতরে ঢুকে কাদা-পানির মধ্য রক্তাক্ত অবস্থায় ছেলেকে পড়ে থাকতে দেখেন তারা। ছেলেটির মাথাসহ শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন রয়েছে।
 
কদমতলী থানার ওসি কাজী ওয়াজেদ জানান, উজালা ম্যাচ ফ্যাক্টরি বর্তমানে বন্ধ রয়েছে। শিশুটিকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করেছে।