সিরাজগঞ্জে জেএমবির তিন সদস্য ৫ দিনের রিমান্ডে

সিরাজগঞ্জে  বাবা ও ছেলেসহ আটক তিন  জেএমবি সদস্যের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
 
বুধবার বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালত তাদের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
 
এরা হলেন- সলঙ্গা এরান্দহ বাজার এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে সিরাজগঞ্জ জেলা জেএমবির শায়েখ জয়নাল আবেদীন (৫৫), তার ছেলে বোরহান উদ্দিন (২৮) ও কাজিপুর থানার গান্ধাইল দক্ষিণপাড়ার মৃত ইছহাক উদ্দিনের ছেলে জেএমবির জেলার শাখার কোষাধ্যক্ষ আবু বকর সিদ্দিক (৪৯)।
 
সিরাজগঞ্জ ডিবি পুলিশের উপপরিদর্শক রওশন আলী এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক ইয়াছিন আলী ওই তিন জেএমবি সদস্যের ৭ দিন করে রিমান্ড চেয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নজরুল ইসলামের আদালতে হাজির করেন। আদালত শুনানি শেষে প্রত্যেকের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
 
প্রসঙ্গত, মঙ্গলবার ভোরে সলঙ্গা থানার এরান্দহ বাজার এলাকায় জেলা জেএমবির শায়খ জয়নাল আবেদীনের বাড়িতে অভিযান চালিয়ে বাবা ও দুই ছেলেসহ ৪ জেএমবি সদস্যকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
 
এ সময় তাদের কাছ থেকে ৫০টি জিহাদি বই, ১০টি ককটেল, ৫ শতাধিক বোমা তৈরির স্পিন্টার, এক প্যাকেট গান পাউডার ও চার কেজি ভাঙা কাঁচ উদ্ধার করা হয়।