পৌর নাগরিকদের নানা সমস্যার মধ্যে অন্যতম হচ্ছে ভাঙা রাস্তা ও ড্রেন। পৌরসভার ঐতিহ্যবাহী কালিয়াকৈর ও সফিপুর বাজারের প্রধান সড়কসহ সবকটি রাস্তা, ড্রেন ও পৌরসভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড, সফিপুর-আন্দার সড়ক, সফিপুর-রাখালিয়াচালা সড়ক, সফিপুর-সিনাবহ সড়ক, সফিপুর-করতোয়া স্পিনিং মিলসহ বেশকটি এলাকায় সাত/আট বছর ধরে রাস্তা ও ড্রেন সংস্কার করা হয়নি। অধিকাংশ রাস্তার পিচ কংক্রিট, ইট উঠে গিয়ে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। ভেঙে পড়েছে রাস্তা। ড্রেনগুলো ময়লা আবর্জনায় ভরে থাকায় পানি নিষ্কাশন হচ্ছে না।
ফলে ড্রেনগুলোর উপচেপড়া পানিতে সয়লাব হয়ে পড়ে রাস্তা। রিকশাসহ যে কোনো যানবাহন এসব রাস্তায় যেতে চায় না। গেলেও বেশি ভাড়া আর ঝুঁকি নিয়েই চলাচল করতে হয় শহরবাসীর। ভুক্তভোগীদের অভিযোগ একটু বৃষ্টি হলেই ড্রেনের নোংরা পানিতে সয়লাব হয়ে যায় পুরো রাস্তা। স্কুল-কলেজের শিক্ষার্থীসহ নানা পেশার মানুষকে চলাফেরায় মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে। ইট সলিং রাস্তার ইট উঠে গিয়ে যানবাহন তো দূরের কথা পায়ে চলাচলই কঠিন হয়ে পড়েছে।
কোনো কোনো ড্রেনের স্লাব ভেঙে যাওয়ায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এদিকে কালিয়াকৈর পৌরসভার মেয়র মো. মজিবুর রহমান জনদুর্ভোগ লাঘবে পৌরসভার নাজুক রাস্তা ও ড্রেনগুলো দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছেন।
ইত্তেফাক/এএন