মিলন ঘরামীর পরিবারে শোকের মাতম

বানারীপাড়ার সৈয়দকাঠি ইউনিয়নের জিরাকাঠি গ্রামে মিলন ঘরামীর পরিবারে চলছে শোকের মাতম। বানারীপাড়ায় ঐশি লঞ্চ ট্র্যাজেডিতে স্ত্রী-শিশু পুত্রসহ মারা যান মিলন ঘরামী।
 
জানা গেছে, স্বজনদের সঙ্গে ঈদুল আজহা উদযাপন করতে মালয়েশিয়া থেকে গত ৫ সেপ্টেম্বর দেশে আসেন মিলন ঘরাসী। আগামী ২ নভেম্বর তার কর্মস্থল মালয়েশিয়া যাওয়ার কথা ছিল। বুধবার বানারীপাড়ার নলেশ্রী গ্রামের ভায়রার বাড়ি থেকে স্ত্রী খুকু মনি ও তিন বছর বয়সী সন্তান সাফওয়ানকে নিয়ে জিরাকাঠি গ্রামে যাওয়ার জন্য লঞ্চে ওঠেন তিনি। কিন্তু লঞ্চে ওঠার ২-৩ মিনিটের মাথায় সন্ধ্যা নদীর তীরে নোঙর করার সময় মাটির স্তূপ পড়ে ডুবে যায় লঞ্চটি। প্রায় অর্ধশত যাত্রীর সঙ্গে মিলনও স্ত্রী-পুত্রসহ নিখোঁজ হন। বুধবার বিকেলে ডুবুরিরা মিলন ঘরামীর লাশ উদ্ধার করেন। বৃহস্পতিবার সকালে উদ্ধার হওয়া লঞ্চের ভিতর থেকে তার শিশু পুত্র সাফওয়ানের লাশ উদ্ধার করা হয়। এখনো মিলনের স্ত্রী খুকু মনির সন্ধান মেলেনি।
 
এদিকে মিলন,খুকুমনি ও সাফওয়ানকে হারিয়ে মিলন ও খুকু মনির বাবা-মা পাগল প্রায়।তাদের কান্না  দেখে উপস্থিত কেউ অশ্রু সংবরণ করতে পারছেন না।