পদোন্নতি নিয়ে ক্ষুব্ধ ইসির কর্মকর্তারা

পদোন্নতি নিয়ে ক্ষুব্ধ হয়ে উঠেছেন নির্বাচন কমিশনের (ইসি) প্রথম শ্রেণির কর্মকর্তারা। সম্প্রতি চতুর্থ থেকে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত প্রায় দুই শতাধিক পদোন্নতি হলেও প্রথম শ্রেণিতে কর্মরতদের পদোন্নতি দেয়া হয়নি। এই পরিপ্রেক্ষিতে শুক্রবার সকাল ১০টায় কৃষিবিদ ইনস্টিটিউশন ভবন মিলনায়তনে বার্ষিক সাধারণ সভা আহ্বান করেছে বাংলাদেশ ইলেকশন কমিশন সার্ভিসেস অফিসার্স এসোসিয়েশন।
 
কর্মকর্তারা বলেছেন, উপজেলা পর্যায়ে কর্মরত প্রথম শ্রেণি এবং ইসি কার্যালয়ের সহকারী সচিবদের পদোন্নতির ব্যাপারে উদাসীন কমিশন। 
এদিকে, কর্মকর্তাদের পদোন্নতি নিয়ে এসোসিয়েশনের জোরালো কোন ভূমিকা না থাকায় ক্ষোভে ফুঁসছেন সংশ্লিষ্টরা। 
 
লিখিত আবেদনে কর্মকর্তারা বলছেন, ২০০৯ থেকে ১৬ সাল পর্যন্ত উপজেলা/থানা নির্বাচন অফিসার পদে যারা সরাসরি যোগদান করেছেন তাদের পদোন্নতি নিয়ে এসোসিয়েশন জোরালো কোন ভূমিকা এখন পর্যন্ত রাখতে পারেনি। কারণগুলো খুঁজে বের করে এসোসিয়েশনকে আরো শক্তিশালী করতে হবে। 
 
কর্মকর্তারা বেশকিছু প্রস্তাবনা উপস্থাপন করেছেন তার মধ্যে হলো- বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় কমিশন সচিবালয়ের কর্মকর্তাগণের মর্যাদা বৃদ্ধি করে ক্যাডারভুক্তকরণ করা, প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে ইলেকশন কমিশন সার্ভিসেস অফিসার্স এসোসিয়েশনের কমিটি গঠন করা এবং ঐক্যবদ্ধভাবে ক্যাডারভুক্তকরণে সবাইকে এগিয়ে আসা।