জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ চেয়ারপারসন ড. শিরীন শারমিন চোধুরীর সাথে সাক্ষাত করেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার মিজ জুলিয়া নিবলেট। বৃহস্পতিবার স্পিকারের সঙ্গে তার কার্যালয়ে তিনি সাক্ষাত করেন।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাতকালে তারা উভয় দেশের সংসদীয় কার্যক্রম, সংসদে আইন পাশের প্রক্রিয়া, সংসদ সদস্য নির্বাচন পদ্ধতি, অধিবেশনে সংসদ সদস্যদের মাঝে আসন বণ্টন প্রক্রিয়া, সংরক্ষিত মহিলা আসনে নির্বাচন প্রক্রিয়া, সংসদে বিরোধী দলের ভূমিকা, সংসদ সদস্যদের কার্যক্রম, নবনির্বাচিত সংসদ সদস্যদের জন্য ওরিয়েন্টেশন কর্মশালার আয়োজন, কমনওয়েলথ পার্লামেন্টারি ইউনিয়ন এবং ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নে বাংলাদেশের নেতৃত্ব ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।
এ সময় স্পিকার বলেন, অস্ট্রেলিয়ার সাথে সুদূর অতীত থেকে বাংলাদেশের বন্ধুপ্রতীম সম্পর্ক রয়েছে। তিনি বাংলাদেশের উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতার জন্য হাইকমিশনারকে ধন্যবাদ জানান।
ইত্তেফাক/এএম।