আয়কর প্রদানকারী তালিকাভুক্ত সব ব্যাংক, বীমা, ব্যাংক বর্হিভূত আর্থিক প্রতিষ্ঠান ও তাদের সাবসিডিয়ারি প্রতিষ্ঠানগুলোকে জানুয়ারি-ডিসেম্বর অর্থবছর অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। এতে জানুয়ারি-ডিসেম্বর অর্থবছর ধরে আর্থিক প্রতিবেদন তৈরি করতে হবে। এ বিধান পরিপালনের জন্য আর্থিক প্রতিষ্ঠানগুলোর আবেদনের প্রেক্ষিতে আর্থিক প্রতিষ্ঠান ও তাদের সাবসিডিয়ারি প্রতিষ্ঠানগুলোকে কিছু সিকিউরিটিজ আইন পরিপালনের বাধ্যবাধকতা থেকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত অব্যাহতি প্রদান করা হবে। খুব শিগগির এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হবে।
বৃহস্পতিবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৮৩তম কমিশন সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া সভায় সপ্তম আইসিবি ইউনিট ফান্ডের প্রসপেক্টাস কিছু সংশোধনীসহ অনুমোদন করা হয়।
প্রসঙ্গত, সপ্তম আইসিবি মিউচুয়াল ফান্ডটি মেয়াদি থেকে বে-মেয়াদিতে রূপান্তর হয়েছে। ফান্ডের প্রাথমিক লক্ষ্যমাত্রা ৪৭ কোটি টাকা। সপ্তম আইসিবি মিউচুয়াল ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক ছিল ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। তবে রূপান্তরিত সপ্তম আইসিবি ইউনিট ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হিসেবে থাকবে আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। আর ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে কাজ করবে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ।
ইত্তেফাক/এমআই