৫’শতম টেস্টের প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতা ভারতের

টেস্ট ইতিহাসে নিজেদের ৫’শতম টেস্টের প্রথম দিনে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতা দেখিয়েছে স্বাগতিক ভারত। নিউজিল্যান্ডের বোলারদের দৃঢ়তায় প্রথম দিন শেষে ৯ উইকেটে ২৯১ রান তুলতে পেরেছে টিম ইন্ডিয়া।
 
কানপুরের গ্রিন পার্কে নিজেদের ৫’শ তম টেস্টে টস জিতে ব্যাটিং নেয় অধিনায়ক কোহলি। দলপতির সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন দুই ওপেনার লোকেশ রাহুল, মুরালি বিজয় ও চেতেশ্বর পূজারা। উদ্বোধনী জুটিতে ৪২ রান যোগ করেন রাহুল ও বিজয়। এরমধ্যে মারমুখী মেজাজে ৪টি চার ও ১টি ছক্কায় ৩৯ বলে ৩২ রান করেন রাহুল।
 
 দলীয় স্কোর ১৫৪ রানে নিয়ে যান বিজয় ও পূজারা। দু’জনের ১১২ রানের জুটিটি ভাঙ্গেন বাঁ-হাতি মিচেল সান্তনার। ক্যারিয়ারের অষ্টম হাফ-সেঞ্চুরির স্বাদ পাওয়া পূজারা আউট হন ৬২ রান করে। তার ইনিংসে ৮টি চার ছিলো। দলীয় ১৫৪ রানে পূজারা ফিরে যাবার পর উইকেটে আসেন দলপতি কোহলি। ২টি বাউন্ডারি দিয়ে বড় ইনিংসের ইঙ্গিতই দিচ্ছিলেন তিনি। কিন্তু বুদ্ধিদীপ্ত বোলিং-এ কোহলিতে বধ করেন বাঁ-হাতি পেসার নিল ওয়াগনার। ১০ বলে ৯ রান করে ফিরেন কোহলি।
 
দলীয় ১৬৭ রানের মধ্যে পূজারা ও কোহলির বিদায়ে চিন্তায় পড়েন যান উইকেটে সেট হয়ে যাওয়া বিজয়। কিন্তু বেশিক্ষণ থাকতে পারেননি তিনিও। ৬৫ রান করে ইশ সোধির প্রথম শিকার হন বিজয়। এরপর মিডল-অর্ডারের তিন ব্যাটসম্যান আজিঙ্কা রাহানে, রোহিত শর্মা ও রবীচন্দ্রন অশ্বিনের কেউই বড় ইনিংস খেলতে পারেননি। রাহানে ১৮, রোহিত ৩৫ ও অশ্বিন ৪০ রান করে আউট হন। আর শেষ বিকেলে ভারতের লেজটা প্রায় ছেঁটে ফেলেন নিউজিল্যান্ড পেসার ট্রেন্ট বোল্ট।
 
অশ্বিন, ঋদ্ধিমান সাহা ও মোহাম্মদ সামির উইকেট শিকার করেন বোল্ট। সাহা ও সামিকে শূন্য হাতে ফেরান বোল্ট। ফলে ৯ উইকেটে ২৭৭ রানে পরিণত হয় ভারত। তাই প্রথম দিনেই গুটিয়ে যাওয়া নিশ্চিত হয়ে যায় টিম ইন্ডিয়ার। কিন্তু সেটি হতে দেননি রবীন্দ্র জাদেজা ও উমেশ যাদব। দিনের শেষ ১৭টি বল বিপদ ছাড়া পার করে দেন জাদেজা ও যাদব। জাদেজা ১৬ ও যাদব ৮ রানে অপরাজিত আছেন। নিউজিল্যান্ডের বোল্ট ও সান্তনার ৩টি করে উইকেট নেন। 
 
ইত্তেফাক/এসএসএ