আদিতমারীতে ছাত্রলীগ নেতা খুন, আটক ২

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদককে   ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মশিউর রহমান মুশফিক (২৮) লালমনিরহাট পৌরসভার মজিদা খাতুন কলেজপাড়ার মোজাম্মেল হকের ছেলে।
 
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ভাদাই ইউনিয়নের সেতু বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুই সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।  আটকরা হলেন, জেলা সদর উপজেলার মেহেদি হাসান রুবেল (২৭) ও কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার রাজিন আহমেদ রাহি (২৮)।
 
পুলিশের প্রাথমিকভাবে ধারণা, অভ্যন্তরীণ টাকা লেনদেন নিয়ে এ ঘটনা ঘটেছে।
 
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ফিরোজ কবির তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, আটকদের জিজ্ঞাসাবাদ চলছে।  এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
 
ইত্তেফাক/এএসএমইউ