সিমেন্ট বোঝাই ট্রাক ব্রিজ ভেঙ্গে পানিতে, আহত ৪

সিলেটের সারী-গোয়াইনঘাট সড়কের বার্কিপুর স্টিলের ব্রিজ ভেঙ্গে সিমেন্ট বোঝাই একটি ট্রাক পানিতে পড়ে গেলে ৪ জন আহত হয়। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা গোয়াইনঘাটগামী একটি সিমেন্ট বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮৩৭৬৬) সারী-গোয়াইনঘাট সড়কের বার্কীপুর স্টিলের ব্রিজে উঠার পর ব্রিজ ভেঙ্গে পানিতে পড়ে তলিয়ে যায়। এতে গাড়ির চালক, হেলপারসহ ৪জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
 
এ সময় রাস্তার দু’পাশে মালবাহী ট্রাক, যাত্রীবাহী বাস, ইমা-লেগুনাসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে। এতে দুর্ভোগে পড়েন জনসাধারণ। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরির্দশন করেন আলীরগাঁও ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল, প্যানেল চেয়ারম্যান আবুল খয়ের, গোয়াইনঘাট ট্রাক চালক সমিতির সেক্রেটারি কুতুব উদ্দিন।
 
উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী জানান, বিষয়টি শুনে আমি তাৎক্ষণিকভাবে সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তাদের অবহিত করেছি। আশা করি, শিগগির এর সমাধান হবে।