আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেছেন, 'আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের মাধ্যমে বর্তমান সরকারের অর্জনগুলোকে জনগণের সামনে তুলে ধরা হবে।'
তিনি বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তা অব্যাহত থাকলে নির্দিষ্ট সময়ের আগেই দেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে।'
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন শুক্রবার বিকেলে নগরীরর ঐতিহাসিক শহীদ সোহরাওয়ার্দী উদ্যানের আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠানস্থল পরিদর্শন শেষে এ কথা বলেন।
এ সময় মঞ্চ ও সাজসজ্জা উপ-কমিটির আহ্বায়ক এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর কবির নানক এমপি এবং উপ-কমিটির সদস্য সচিব এবং বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সুজিত রায় নন্দী, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসাহাক আলী খান পান্না, সাবেক সভাপতি বাহাদুর বেপারী, লিয়াকত শিকদার, মাহমুদ হাসান রিপন, সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন শহীদ সোহরাওয়ার্দী উদ্যানের উন্নয়ন কর্মকাণ্ডে ১২৯ কোটি টাকা বরাদ্ধ করা হয়েছে উল্লেখ করে বলেন, 'মহান মুক্তিযুদ্ধের স্মৃতি মুছে ফেলার জন্য বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এখানে শিশুপার্ক স্থাপন করেছিলেন।'
তিনি বলেন, 'এই ঐতিহাসিক উদ্যানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ মার্চ তার ঐতিহাসিক ভাষণ দান করেছিলেন এবং পাকিস্তান হানাদার বাহিনীর সৈন্যরা আত্মসমর্পণ করেছিল।'
এর আগে ইঞ্জিনিয়ার মোশাররফ সম্মেলন স্থলের বিভিন্ন জায়গা ঘুরে দেখেন। বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম ইঞ্জিনিয়ার মোশাররফকে মঞ্চ ও সাজসজ্জা সম্পর্কিত বিভিন্ন বিষয় সম্পর্কে জানান।
ইত্তেফাক/এসএস