আজব গ্রাম!

এমন আজব গ্রাম পৃথিবীতে কমই আছে। এই গ্রামে বসবাসকারী কোনো বাসিন্দারই জন্ম নিজের গ্রামে নয়। কারণ ওই গ্রামে সন্তান জন্ম দেওয়ার অনুমতি নেই। গ্রামটির নাম, মামফে ডাভ। এটি পশ্চিম ঘানায় অবস্থিত। মূলত গ্রামটিতে সন্তান জন্ম দেওয়াকে প্রথাবিরোধী এবং সৃষ্টিকর্তার অসন্তুষ্টির কারণ মনে করা হয়।

গ্রামের এই নিয়ম ভাঙতে গিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত দুঃসহ যন্ত্রণা সহ্য করেছেন সন্তানসম্ভবা অনেক মা। এরপরও অনুমতি মেলেনি গর্ভের সন্তান প্রসবের। এখানেই শেষ নয়, এখানে গর্ভবতী নারীদের কঠোর পরিশ্রম করতে হয়, এক কথায় ছুটে চলতে হয়। এমনকি তীব্র প্রসববেদনা নিয়েও কঠিন পথ পাড়ি দিতে হয় বলে প্রতিবেদনে উঠে এসেছে। তবে কঠোর এই নিয়মের বিরোধীতা করতে শুরু করেছেন নারীরা। তাদের দাবি, এখানেই তাদের সন্তান জন্মদানের অনুমতি দেওয়া হোক।

গ্রামের একজন নারী হানাহ কোসিনা। তিনি ৯ মাসের গর্ভবতী। তিনি বলেন, ‘প্রথম সন্তান জন্ম দেওয়ার সময় আমাকে অনেক কষ্ট করতে হয়েছিল। অন্য গ্রামে যাওয়ার জন্য একটি গাড়ি পেতে আমাকে অনেক কষ্ট করতে হয়। আমার দ্বিতীয় সন্তানটি হয় অন্য আরেকটি গ্রামে। তবে এখন কাছাকাছি একটি ক্লিনিক হয়েছে। আমার তৃতীয় সন্তান প্রসবের সময় সেখানেই যাবো।’