ওয়াসিমের ঘূর্ণিতে জিতল পাকিস্তান

ইমাদ ওয়াসিমের ঘূর্ণিজাদুতে টি-টোয়েন্টি  চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে পাকিস্তান। শুক্রবার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তান জিতেছে ৯ উইকেটের বিশাল ব্যবধানে।
 
এদিন দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ক্যারিবীয়রা ১৯.৫ ওভারে অলআউট হওয়ার আগে তোলে মাত্র ১১৫ রান। জবাবে ৩৪ বল হাতে রেখে ১৪.২ ওভার ব্যাট করে মাত্র এক উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় সরফরাজ আহমেদের পাকিস্তান।
 
পাকিস্তানে জয়ে বড় ভূমিকা রাখেন বাঁহাতি স্পিনার ইমাদ ওয়াসিম। ৪ ওভারে ১৪ রান খরচায় তুলে নেন ৫ উইকেট। ওয়াসিমের ঘূর্ণিতে অন্য ব্যাটসম্যানরা কাবু হলেও ক্যারিবীয়দের হয়ে ডোয়াইন ব্রাভো ৫৪ বলে ৫৫ রান করেন। শেষ দিকে ২১ বলে ২১ রান করেন জেরম টেইলর।
 
ওপেনার জনসন চার্লস, এভিন লুইস, আন্দ্রে ফ্লেচার, মারলন স্যামুয়েলস, কাইরন পোলার্ড, কার্লোস ব্রাথওয়েইট, সুনীল নারাইন, স্যামুয়েল বদ্রিরা ব্যাট হাতে কোনো ভূমিকাই রাখতে পারেননি।
 
পাকিস্তানের হয়ে দুটি উইকেট নেন সোহেল তানভীর। এছাড়া, একটি করে উইকেট দখল করেন মোহাম্মদ নওয়াজ এবং হাসান আলি। উইকেটশূন্য ছিলেন সোয়েব মালিক এবং ওয়াহাব রিয়াজ।
 
১১৬ রানের সহজ টার্গেট সহজে পার হয়ে যায় পাকিস্তান। ওপেনার শারজিল খান ২২ রান করে বদ্রির বলে বোল্ড হলেও দলকে জয়ের পথে নিতে কোনো সমস্যা হয়নি আরেক ওপেনার খালিদ লতিফ এবং বাবর আজমের। লতিফ ৩২ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন। আর ৩৭ বলে ৫৫ রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন আজম।
 
ই্ত্তেফাক/এমএইচ