রাজশাহীতে পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৬৭

 
রাজশাহীতে পুলিশের অভিযানে ১৯ ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৬১ জনকে গ্রেফতার করা হয়েছে। গত শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।
 
শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র সহকারী পুলিশ কমিশনার ইফতেখায়ের আলম এই তথ্য জানান।
 
এদিকে পবা উপজেলায় বড়গাছি পশ্চিম পাড়ার একটি মসজিদে গোপন বৈঠকের সময় ৫ শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার রাতে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে কিছু জিহাদি বই উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। আটকরা হচ্ছেন- পবার বড়গাছি সরকার পাড়া গ্রামের আখতারুজ্জামানের ছেলে শিবিরকর্মী আপন হোসেন (২২), ফয়জুদ্দিনের ছেলে আব্দুল্লাহ (১৯), গোপালহাটের মোস্তাকিনের ছেলে ওয়াহাব (২০), মাধবপুরের মজের আলীর ছেলে মামুনর রশিদ (২৫) ও শ্রীপুরের বেলালের ছেলে মারুফ মর্তুজা (২৩)। পবা থানার ওসি শরিফুল ইসলাম জানান, ওই মসজিদে ২০/২৫ জন শিবিরকর্মী গোপন বৈঠক করছে মর্মে  খবর পেয়ে পবা থানা পুলিশ সেখানে হানা দেয়। এ সময় পুলিশ সেখান থেকে ৫ জনকে আটক করে। বাকিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে সেখান থেকে পুলিশ বেশকিছু জিহাদি বই উদ্ধার করা হয়। বড় ধরণের নাশকতা ঘটানোর জন্য তারা সেখানে গোপন বৈঠক করছিল। এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে জানান ওসি।
 

ইত্তেফাক/এএম।