সুন্দরগঞ্জে পুলিশ হত্যা মামলার আসামি গ্রেফতার

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা তদন্ত কেন্দ্রের ৪ পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা, গাড়ি ভাংচুর ও নাশকতাসহ ৭ মামলার পলাতক আসামি জামায়াত নেতা মাওলানা মো. আশরাফ আলীকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ।
 
উপজেলার ছাপরহাটি ইউনিয়নের খামার পাঁচগাছী গ্রাম থেকে শনিবার দুপুরে তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। 
 
মো. আশরাফ আলী ওই গ্রামের মৃত. আইয়ুব আলীর ছেলে ও ছাপরহাটি ইউনিয়ন জামায়াতের সভাপতি এবং সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের অন্যতম সদস্য।
 
সুন্দরগঞ্জ থানার ওসি ইসরাইল হোসেন জানান, আশরাফ আলী সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা পুলিশ ফাঁড়ির ৪ পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা মামলার চার্জশিটভুক্ত পলাতক আসামি। তার বিরুদ্ধে গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগসহ আরো ৭টি নাশকতা মামলা আছে। দীর্ঘদিন থেকে তিনি পলাতক ছিলেন। গোপন খবরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 
 
প্রসঙ্গত, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধী জামায়াত নেতা দেলোওয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর বামনডাঙ্গা রেলস্টেশন ও পুলিশ তদন্ত কেন্দ্রে হামলা করে আগুন দেয় জামায়াত শিবির ক্যাডাররা। সে সময় পুলিশ তদন্ত কেন্দ্রের চার পুলিশ কনস্টেবলকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় মামলা দায়ের করা হয়। দেড় বছর তদন্ত শেষে ২০১৪ সালের ২২ সেপ্টেম্বর ২শ ৩৫ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। তবে প্রধান আসামি জামায়াত নেতা ঘোড়ামারা আজিজকে পুলিশ এখনও গ্রেফতার করতে পারেনি। 
 
সুন্দরগঞ্জ থানার ওসি ইসরাইল হোসেন বলেন, মামলার প্রধান আসামিসহ সব আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। তবে এ পর্যন্ত কতজন গ্রেফতার হয়েছে তা জানাতে পারেনি। 
 
 
ইত্তেফাক/এমআই