ফকিরাপুলে আবাসিক হোটেল থেকে সাবেক সেনা সদস্যের লাশ উদ্ধার

 
রাজধানীর ফকিরাপুলে অবস্থিত ‘হোটেল এরিনা’ থেকে হামিদুর রহমান মজিবর (৪০) নামে এক আদম-ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি আগে সেনাবাহিনীতে চাকরি করতেন।
 
শনিবার সকালে হোটেলের চতুর্থ তলা থেকে হামিদুর রহমানের লাশ উদ্ধার করা হয়। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না। ধারনা করা হচ্ছে, তিনি হূদক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। এ ঘটনায় তার বান্ধবীকে আটক করা হয়েছে।
 
মতিঝিল থানার ওসি ওমার ফারুক জানান,  মজিবার রহমান ৮ বছর আগে সেনাবাহিনী থেকে চাকুরিচ্যুত হন। এরপর তিনি আদম ব্যবসা শুরু করেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার চরশ্রীরামপুর। তিনি স্ত্রী ও তিন সন্তান নিয়ে রাজধানীর শাজাহানপুরে থাকতেন। গত ২২ সেপ্টেম্বর তিনি ময়মনসিংহ যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন। কিন্তু বাড়ি না গিয়ে তার অফিস স্টাফ তরুনীকে (বান্ধবী) নিয়ে তিনি ওই হোটেলে ওঠেন। শনিবার সকালে মজিবর হঠাত্ অসুস্থ হয়ে পড়লে তার বান্ধবী হোটেলের লোকজনকে খবর দেন। পরে হোটেলের লোকজন খবর দেয় মতিঝিল থানায়। পুলিশ আসতে-আসতে তার মৃত্যু হয়। হোটেলের লোকজন জানান, মৃত্যুর আগে মজিবরের মুখ থেকে লালা পড়ছিল।
 
ওসি বলেন, মৃত্যুর ঘটনায় একটি সাধারণ ডাইরি করা হয়েছে। তবে আটক তরুণীকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে রবিবার আদালতে পাঠানো হবে বলে তিনি জানান।
 

ইত্তেফাক/এএম।