মাইক্রোসফটের সঙ্গে ইউনাউটেড কমার্শিয়াল ব্যাংকের চুক্তি

 
দেশের অর্থনীতিকে প্রযুক্তির উপযুক্ত ব্যবহারের মাধ্যমে এগিয়ে নেয়ার লক্ষ্যে গত ২০ সেপ্টেম্বর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) টেক ওয়ান গ্লোবাল (প্রাইভেট) লি. এর বরাত দিয়ে মাইক্রোসফট এন্টারপ্রাইজ চুক্তি স্বাক্ষর করেছে।
 
ইউসিবির প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউসিবি-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী, টেক ওয়ান গ্লোবাল (প্রাইভেট) লি.-এর চিফ অপারেটিং অফিসার ওয়াসানথা উইরাকুন ও কান্ট্রি জেনারেল ম্যানেজার লাহিরু মুনিনদ্রাদাসা এবং মাইক্রোসফট বাংলাদেশ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবিরসহ ইউসিবি, টেক ওয়ান গ্লোবাল (প্রাইভেট) লি: এবং মাইক্রোসফট বাংলাদেশ লিমিটেড-এর উর্ধ্বতন কর্মকর্তারা।
 
চুক্তি অনুযায়ী, সহজে অরিজিনাল মাইক্রোসফট সফটওয়্যার ক্রয়ের ক্ষেত্রে ইউসিবিকে প্রয়োজনীয় সবরকম সহায়তা করবে টেক ওয়ান গ্লোবাল (প্রাইভেট) লি.। এছাড়া, ব্যাংকিং সংক্রান্ত সবধরনের কাজের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ইউসিবিকে অত্যাধুনিক এবং অভিনব আইটি সল্যুশনস প্রদান করবে টেক ওয়ান গ্লোবাল (প্রাইভেট) লি:।
 
চুক্তির আওতায়, ইউসিবি-এর অভ্যন্তরে একটি সুসজ্জিত আইটি প্ল্যাটফর্ম বসানো, সেরা প্রযুক্তিগত সহায়তা, পরিকল্পনা সেবা, ব্যবহারকারী ও প্রযুক্তিগত প্রশিক্ষণ এবং অভিনব প্রযুক্তিগত সল্যুশন নিশ্চিত করবে টেক ওয়ান গ্লোবাল (প্রাইভেট) লি.।