খাগড়াছড়িতে ৫ জেএমবির সাত বছর করে কারাদণ্ড

নিষিদ্ধ ঘোষিত সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবির) চট্টগ্রাম অঞ্চলের দ্বিতীয় শীর্ষ নেতা আব্দুর রহিম ওরফে জাহিদসহ পাঁচজনকে সাত বছর করে কারাদণ্ড দিয়েছেন খাগড়াছড়ির একটি  আদালত। 
 
শনিবার দুপুরে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ এবং বিশেষ ট্রাইব্যুনালের বিচারক ইনামুল হক ভূঁঞা সন্ত্রাস দমন আইনে দায়ের করা মামলায় এ কারাদণ্ড দেন।
 
সাজাপ্রাপ্ত অপর আসামিরা হলেন- দেলোয়ার হোসেন ওরফে সজিব, মো. ইউনুছ আলী ওরফে ইউনুছ, সামছু মিয়া ও শামীম আহমেদ।খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালতের পিপি বিধান কানুনগো বিষয়টি নিশ্চিত করেছে।
 
উল্লেখ্য, ২০০৯ সালের ২৪ সেপ্টেম্বর র‌্যাবের একটি বিশেষ দল খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর এলাকায় অভিযান চালিয়ে চট্টগ্রাম অঞ্চলের জেএমবির সেকেন্ড-ইন-কমান্ড আব্দুর রহিম ওরফে জাহিদ হোসেন, মো. দেলোয়ার হোসেন ওরফে সজিব, মো. ইউনুছ আলী ওরফে ইউনুছ এবং সামছু মিয়াকে আটক করে। এ ঘটনায় বিস্ফোরক ও সন্ত্রাস দমন আইনে দুটি মামলা হয়।পরে পাঁচজনকে আসামি করে চার্জশিট দেয়া হয়।
 
ইত্তেফাক/ইউবি