বরিশালে লঞ্চডুবিতে লাশের সংখ্যা ২৮

বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার সন্ধ্যা নদীতে লঞ্চডুবির ঘটনায় জাকির হাওলাদার (৪০) নামে আরো একজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট ২৮ জনের লাশ উদ্ধার করা হল।
 
শনিবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলার সন্ধ্যা নদীর বালাবাজার এলাকায় লাশটি ভেসে ওঠে। খবর পেয়ে পুলিশ এ লাশ উদ্ধার করে। উদ্ধারকৃত মৃত জাকির সৈয়দকাঠী ইউনিয়নের হামেদ হাওলাদারের ছেলে।
 
বানারীপাড়া থানার ইন-চার্জ জিয়াউল আহসান জানান, লাশটি ভেসে ওঠার খবর পেয়ে পুলিশ নদী থেকে উদ্ধার করে। তিনি আরো জানান, লঞ্চডুবির ঘটনায় বানারীপাড়া উপজেলার পার্শ্ববর্তী উপজেলা উজিরপুরের সৈয়দ আজিজুল হক ডিগ্রি কলেজের ছাত্র মাইনুল ইসলাম রাজু নামের এখনো নিখোঁজ রয়েছে।
 
গত বুধবার বেলা সাড়ে ১১ টায় ৬০ থেকে ৭০ জন যাত্রী নিয়ে স্থানীয় বানারীপাড়া লঞ্চঘাট থেকে হাবিবপুর যাচ্ছিল 'এমএল ঐশি' নামের লঞ্চটি। সৈয়দকাঠী ইউনিয়নের দাসেরহাট ঘাটে পৌঁছানোর পূর্বে খরস্রোতা সন্ধ্যা নদীতে ভাঙনের কারণে পাড়ের একটা অংশ ভেঙে গিয়ে লঞ্চটিতে আঘাত করলে লঞ্চটি ডুবে যায়।