ঢাকা ক্যান্ট গার্লস পাবলিক স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশের লক্ষে আয়োজিত মেধা উৎসব-২০১৬ শনিবার ঢাকা সেনানিবাসস্থ কলেজ অডিটোরিয়ামে সমাপ্ত হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, লেফটেন্যান্ট জেনারেল সাব্বির আহম্মেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাপনী দিনে বিজয়ী শিার্থীদের মাঝে মেডেল, ক্রেস্ট ইত্যাদি পুরস্কার বিতরণ করেন। তার সহধর্মিণী বেগম নূর রুমানা সাব্বির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সহ-শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ, চারিত্রিক বিকাশ এবং মানবিক মূল্যবোধ সম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে ওঠার তাগিদ প্রদান করেন। তিনি ছাত্রীদেরকে আলোকিত মানুষ ও প্রকৃত দেশপ্রেমিক হওয়ার পাশাপাশি প্রযুক্তির সর্বশেষ জ্ঞান সম্পন্ন আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ গ্রহণ করার পরামর্শ দেন।
পুঁথিগত বিদ্যা অর্জনের পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে ঢাকা ক্যান্ট গার্লস পাবলিক স্কুল ও কলেজের কিশোরীরা যাতে সকল বিষয়ে জ্ঞান ও দক্ষতা লাভের সুযোগ পায় তার জন্যই এই মেধা উৎসবের আয়োজন। এই উৎসবে বই পড়া প্রতিযোগিতা, হাতের লেখা প্রতিযোগিতা (বাংলা ও ইংরেজি), সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, গল্প লেখা প্রতিযোগিতা, বানান প্রতিযোগিতা (বাংলা ও ইংরেজি), বিজ্ঞান, কারুশিল্প ও দেয়ালিকা প্রদর্শনী ইত্যাদি বিষয়ের আয়োজন করা হয়। এ উপলক্ষে বিজ্ঞান প্রজেক্ট, কারুশিল্প ও চিত্রাঙ্কন প্রদর্শনীরও আয়োজন করা হয়।
উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার উদ্বোধন করেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও সদর দপ্তর ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. ওয়াহিদ-উজ-জামান। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক, মেঘনা গ্রুপের প্রতিনিধি কর্মকর্তাবৃন্দসহ কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতিমন্ডলী, অধ্যবৃন্দ, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ, কলেজের বিপুল সংখ্যক ছাত্রী ও কলেজের শিক্ষক- শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।