মুক্তিযুদ্ধের নাটক পরিবেশনের মধ্য দিয়ে রাজধানীতে পর্দা উঠলো জঙ্গীবাদবিরোধী জাতীয় নাট্যোৎসবের। হবিগঞ্জের নাট্যদল জীবনসংকেত নাট্যগোষ্ঠীর ‘জ্যোতিসংহিতা’ মঞ্চস্থের মধ্য দিয়ে শুরু হলো এ উৎসব। ভাটি বাংলার মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা উঠে এলো সে নাটকে। যে কোন ক্রান্তিকালে মুক্তিযুদ্ধই আমাদের প্রেরণা। জঙ্গীবাদের বিরুদ্ধে এই জাতীয় নাট্যোৎসবের শুরুটাও হলো মুক্তিযুদ্ধের বীরত্বগাথা বর্ণনার মধ্য দিয়ে।
সারাদেশের নাট্য সংগঠনগুলোকে নিয়ে ঢাকায় শনিবার শুরু হলো জঙ্গীবাদের বিরুদ্ধে ‘জাতীয় নাট্যোৎসব ২০১৬’। মঞ্চে মঞ্চে নাট্যকর্মীদের অভিনয়ে উচ্চারিত হলো জঙ্গীবাদের বিরুদ্ধে মানবতার বাণী। নাট্যকর্মীদের অভিনয়ে উচ্চারিত হলো অশুভের বিরুদ্ধে সত্য, সুন্দরের আহ্বান। ‘এ মাটি নয় জঙ্গীবাদের, এ মাটি মানবতার’ এ শ্লোগান নিয়ে ঢাকার ৪টি মঞ্চে এক টানা চলবে এ উৎসব।
শনিবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালায় আঠারো দিনব্যাপি নাট্যোৎসবের উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি ছিলেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, আতাউর রহমান ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব আক্তারী মমতাজ। স্বাগত বক্তব্য দেন ফেডারেশানের সেক্রেটারি জেনারেল আকতারুজ্জামান। সভাপতিত্ব করেন ফেডারেশানের চেয়ারম্যান লিয়াকত আলী লাকী। আরো বক্তব্য রাখেন ফেডারেশানের সভাপতিম-লীর সদস্য ঝুনা চৌধুরী।
জাতীয় সঙ্গীত পরিবেশন ও উৎসব সঙ্গীতের সঙ্গে জঙ্গীবাদবিরোধী মনোমুগ্ধকর কোরিওগ্রাফির মধ্য দিয়ে শুরু হয় উদ্বোধনী পর্ব। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সবের উদ্বোধন করেন অতিথিবৃন্দ। সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় গ্রুপ থিয়েটার ফেডারেশান ও শিল্পকলা একাডেমির আয়োজনে শুরু হলো এ উৎসব।
আসাদুজ্জামান নূর বলেন, সংস্কৃতিকর্মীদের জঙ্গীবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার সময় এসেছে। ভাষা আন্দোলন, স্বাধিকার আন্দোলন, মুক্তিযুদ্ধে সংস্কৃতি কর্মীরা অবদান রেখেছে। ইতিহাসের সেই ধারাবাহিকতায় আবারও সময় এসেছে জঙ্গীবাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবার। সে লক্ষ্যেই এ নাট্যোৎসব। নাট্য ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার জঙ্গীবাদের উত্থান সংস্কৃতিকর্মীদের সকল শক্তি দিয়ে মোকাবেলার আহ্বান জানান।
উৎসবের উদ্বোধন শেষে মঞ্চস্থ হয় হবিগঞ্জের জীবনসংকেত নাট্যগোষ্ঠীর ‘জ্যোতিসংহিতা’। একই সময় পরীক্ষণ থিয়েটার হলে সিরাজগঞ্জের নাট্যলোক পরিবেশন করে ‘নারী নসিমন’, মহিলা সমিতি মঞ্চে গাইবান্ধার পদক্ষেপ নাট্যদল মঞ্চায়ন করে ‘পলোনাথ কোম্পানি’।
মুক্তিযুদ্ধভিত্তিক নাটকটি লিখেছেন রুমা মোদক ও নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। নাট্যকার রুমা মোদক জানান, ভাটি বাংলার বীর মুক্তিযাদ্ধা জগৎজ্যোতি দাস ও দাস পার্টির দুরন্ত যুদ্ধগাথা নিয়েই নাটক ‘জ্যোতিসংহিতা’।
নাটকটিতে অভিনয় করছেন— শ্যামা ধর, অনিরুদ্ধ কুমার ধর শান্তনু, রুমা মোদক, সৈয়দ আব্দুল বাকী ইকবাল, সনজিত সিনহা বাপ্পী, রিংকু দেব, সুজন চৌধুরী, মাজহারুল ইসলাম পাভেল, সৌরভ বিকাশ দেব, আজহারুল ইসলাম মুরাদ, কাজী লুৎফুর রহমান, সুবীর রায়, আতিকুর রহমান রনি, শুভ্র বণিক, আলমগীর, সুমন, অভিজ্ঞান ধর, জীনাত জাহান নিশা, দৃষ্টি দেব, অরূপ দাশ অপু প্রমুখ।
পোশাক পরিকল্পনায় ছিলেন সৈয়দা ইফাত আরা, ঐশ্বর্য আজাদ শিমুল। পোশাক তত্ত্বাবধানে ওয়াহিদা মল্লিক জলি, আলোক পরিকল্পনা সঞ্জীব কুমার দে, আলোক প্রক্ষেপণ শাহজাহান মিয়া। মঞ্চ ও দ্রব্য পরিকল্পনায় মাজহারুল ইসলাম পাভেল, নূরুল গাজী খোকন ও ধীমান চন্দ। রূপসজ্জায় ইমতিয়াজ তুহিন চৌধুরী। মঞ্চ নির্মাণ মিহির সূত্রধর, পলো নির্মাণ রাজু মিয়া।
ঢাকার ৪টি মঞ্চে ১৮ দিনের এই বর্ণাঢ্য উৎসবে মঞ্চস্থ হবে ৫৮টি নাটক। এর মধ্যে ঢাকার বাইরের রয়েছে ২৬টি নাটক। ঢাকা মহানগরের বিভিন্ন নাট্যদলের ৩২টি নাটক মঞ্চস্থ হবে উৎসবে। এই নাট্যোৎসব চলবে ১১ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যা ৭টায় নাটক মঞ্চস্থ হবে। শিক্ষার্থী ও নাট্যকর্মীরা ২০ টাকার বিনিময়ে নাটক দেখতে পারবেন। নিয়মিত টিকিটের মূল্য ২০০ ও ১০০ টাকা। মঞ্চগুলো হচ্ছে - শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন, এক্সপেরিমেন্টাল থিয়েটার হল ও স্টুডিও থিয়েটার হল এবং বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহীম মিলনায়তন।
এদিকে, পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হয় সিরাজগঞ্জের নাট্যদল নাট্যলোক পরিবেশন করে ‘নারী নসিমন’। নাটকটি রচনা করেছেন শাহ্মান মৈশান। নির্দেশনা দিয়েছেন দেবাশীষ ঘোষ। উত্তর বাংলার প্রচলিত লোককাহিনী নসিমন সুন্দরী অবলম্বনে এই নাটক। নাটকে অভিনয় করেছেন সঙ্গীতা সাহা, শারমিন সুলতানা, আফরোজ আহম্মেদ বীনা, শাহানা খাতুন, মামুনর রশিদ মামুন, জিয়াউল হাসান নয়ন, আব্দুল কাদের কচি প্রমুখ।
রবিবার জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে নাগরিক নাট্যাঙ্গনের নাটক ‘গহর বাদশা ও বানেসা পরী’, পরীক্ষণ থিয়েটার হলে কুষ্টিয়ার বোধন থিয়েটারের ‘চন্দ্রাবতী কথা’ আর মহিলা সমিতি মঞ্চে মঞ্চস্থ হবে কিশোরগঞ্জের একতা নাট্য গোষ্ঠীর ‘মহুয়া’। সবগুলো নাটকই সন্ধ্যা সাতটায় শুরু হবে। টিকিটের দাম ১০০ ও ২০০ টাকা।