আমলাতান্ত্রিক জটিলতায় উদ্বোধন হচ্ছে না মিরপুরের মুক্তিযোদ্ধা ভবন

কুষ্টিয়ার মিরপুরে ২ কোটি ১৮ লক্ষ টাকা ব্যায়ে মুক্তিযোদ্ধা ভবনের নির্মাণকাজ ১১ মাস আগে সম্পন্ন হলেও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের গড়িমসিতে থেমে আছে হস্তান্তর প্রক্রিয়া ও উদ্বোধন। এতে উপজেলার সচেতন মহল বিষ্মিত। অন্যদিকে মুক্তিযোদ্ধাদের মাঝে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।
 
চলতি বছরের ৭ ফেব্রুয়ারী মুক্তিযোদ্ধা ভবন পরিচালনা ও ব্যবস্থাপনা কমিটির সভাপতি কুষ্টিয়ার জেলা প্রশাসকের সভাপতিত্বে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় সোনালী ব্যাংক মিরপুর শাখার আগ্রহের কারনে ভবনের ১ম ও ২য় তলা ভাড়া প্রদানের সিদ্ধান্ত হয়। ওই সভায় চুড়ান্ত সিদ্ধান্তের অনুমতি চেয়ে সভার রেজুলেশন কপি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়।
 
দীর্ঘদিন অতিক্রান্ত হলেও মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় অনুমতি প্রদানে রহস্যজনক গড়িমসি ও কালক্ষেপন করছে বলে মিরপুর উপজেলার মুক্তিযোদ্ধারা অভিযোগ করেছেন। এ বিষয়ে মিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার নজরুল করীম বলেন, আমাদের মিরপুর উপজেলার মুক্তিযোদ্ধাদের দীর্ঘদিনের লালিত স্বপ্নের প্রতিষ্ঠান মুক্তিযোদ্ধা ভবন কমপ্লেক্স। বর্তমান মুক্তিযোদ্ধাদের স্বপক্ষের শক্তি শেখ হাসিনার নেতৃত্বাধীন ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামীলীগের বলিষ্ঠ ভূমিকার কারনে মুক্তিযোদ্ধা ভবন কমপ্লেক্স নির্মাণ হয়েছে। অথচ মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের আমলাতান্ত্রিক গড়িমসি ও দীর্ঘসুত্রিতার কারনে ভবনটি হস্তান্তর করা হচ্ছে না। ফলে ভাল ভাড়াটিয়া পাওয়া সত্বেও আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা যাচ্ছে না।এতে মিরপুর উপজেলার প্রায় ৫ শত মুক্তিযোদ্ধার মাঝে চরম ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।
 
ইত্তেফাক/এএন