ভাঙ্গুড়া পৌরসভার প্রাণ কেন্দ্রে অবস্থিত গৃহায়ণ ও গণপূর্ত বিভাগের ২৭ বিঘা পতিত সম্পত্তি রক্ষণাবেক্ষণের অভাবে বেদখল হয়ে যাচ্ছে। গণপূর্ত বিভাগ কেবল একটি সাইনবোর্ড দিয়েই দায়িত্ব শেষ করেছে।
জানা গেছে ব্রিটিশ ও পাকিস্তান আমলে এই সম্পত্তির ওপর সরকারি ইটের ভাটা ছিল। ১৯৯৫ সাল পর্যন্ত এখানে কয়েক লাখ ইট স্টক ছিল। পরে কতিপয় অসাধু লোকজন সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগসাজশে এসব ইট আত্মসাত্ করেন। বর্তমানে গৃহায়ণ ও গণপূর্ত বিভাগ এই স্থানে যে কোনো ধরনের স্থাপনা নির্মাণ নিষেধ করে একটি সাইন বোর্ড লাগিয়ে দিলেও কতিপয় ব্যক্তি মোটা টাকার বিনিময়ে এখানে অবৈধ বসতি স্থাপন করে চলেছেন।
এ ছাড়া কয়েকজনকে অবৈধভাবে খড়ের পালা, গোয়াল ঘর ও ছাপড়া ঘর তুলে এ সম্পত্তি দখল নিতে দেখা যায়।
পাবনা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী খালেকুজ্জামান ভাঙ্গুড়ায় পতিত সম্পত্তি থাকার কথা স্বীকার করেন।
ইত্তেফাক/এএন