বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, বাংলার মানুষ জঙ্গিবাদ চায় না। বাংলার মানুষ শান্তিপ্রিয়। জনগণ প্রতিরোধ গড়ে তুললে দেশে জঙ্গিবাদ থাকবে না।
তিনি শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে কমিউনিটি পুলিশিং সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
তিনি বলেন, আমরা জঙ্গিবাদমুক্ত ও মাদকমুক্ত সুন্দর সমাজ প্রতিষ্ঠা করতে চাই। দেশের মালিক জনগণ। জনগণের সমর্থন ছাড়া সুন্দর সমাজ প্রতিষ্ঠা করা যাবেনা। জনগণ ও পুলিশের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে এবং জনগণের সেবা করার জন্যই কমিউনিটি পুলিশিং ব্যবস্থা।কমিউনিটি পুলিশিং একটা দর্শন।
তিনি বলেন, জঙ্গিবাদ মানুষকে হত্যা করছে। তারা মসজিদে, ঈদগাহ ময়দানে বোমা মারছে। তারা হিন্দু, মুসলমান, পুরোহিত, মসজিদের ইমাম, এ দেশের উন্নয়ন কর্মকাণ্ডের জন্য আসা বিদেশী মেহমানদেরকে হত্যা করছে। মানুষ হত্যা ইসলাম সমর্থন করেনা, মানুষ হত্যা ইসলামে জায়েজ নয়। জঙ্গিবাদের নামে ইসলামকে ধ্বংস করার চেষ্টা চলছে।
পুলিশ সুপার মো. মিজানুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম, জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনির কামাল, জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমদাদুল বারী, ১২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহ আলী, পৌর সভার মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার,প্রেসক্লাব সভাপতি খ.আ.ম. রশিদুল ইসলাম, কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক সৈয়দ মিজানুর রেজা, জেলা নাগরিক কমিটির সভাপতি ডা. বজলুর রহমান, জেলা বিএমএর সাধারণ সম্পাদক ডা. আবু সাঈদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি সারোয়ার-ই-আলম।
ইত্তেফাক/আরএ