কল্যাণপুরে গ্রেফতার জঙ্গি রিগ্যান গুলশান হামলায় রিমান্ডে

রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় দায়ের করা মামলায় কল্যাণপুরের জঙ্গি আস্তানা থেকে আহত অবস্থায় গ্রেফতারকৃত রাকিবুল হাসান রিগ্যানকে ৬ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
 
রবিবার তাকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক হুমায়ুন কবির। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম গোলাম নবী তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে রিগানকে হাজারীবাগ থানার আরেকটি হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে তিন দিনের হেফাজতে নেওয়া হয়।
 
উল্লেখ্য, গত ২৫ জুলাই ভোরে কল্যাণপুরের ৫ নম্বর রোডের ‘জাহাজ বাড়ি’তে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চালানো অপারেশন স্টোর্ম-২৬ এ আহত অবস্থায় গ্রেফতার হয় রিগ্যান। এ অভিযানে সন্দেহভাজন ৯ জঙ্গি নিহত হয়। ভোরের সেই অভিযানের আগেই গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার হয় রিগান। তাকে পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। কল্যাণপুরের এ জঙ্গিদের সঙ্গে গুলশান হামলার সম্পৃক্ততা পায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর আটক রিগ্যানকে গুলশান হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখায় পুলিশ।
 
কে এই রিগ্যান
বগুড়া শহরের জামিলনগর গ্রামের মৃত রেজাউল করিমের ছেলে রাবিকুল হাসান রিগ্যান (১৭)। ঘটনার পর টিভি দেখে রিগ্যানকে শনাক্ত করেন তার মা বগুড়ার একটি ক্লিনিকের সেবিকা রোকেয়া বেগম। 
 
পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি জানান,  রিগ্যান ২০১৫ সালের ২৬ জুলাই কোচিং করতে গিয়ে নিখোঁজ হয়। এ ঘটনায় পরদিন বগুড়া থানায় একটি জিডিও করা হয়। সে শহরের রেটিনা কোচিং সেন্টারে মেডিকেল কোচিং করতে গিয়ে নিখোঁজ হয়।  এই সময়ের মধ্যে বাড়ির কারো সঙ্গে কোনো যোগাযোগ ছিল না তার। টিভিতে দেখে জানতে পারি আমার ছেলে যৌথবাহিনীর অভিযানে আহত হয়েছে।
 
 
 
ইত্তেফাক/এমআই