হাশমত-রহমতের জুটি ভেঙ্গে সাকিবের রেকর্ড

হুমকি হয়ে ওঠা হাশমত উল্লাহ শাহিদি ও রহমাত শাহ’র শত রানের জুটি ভাঙলেন সাকিব আল হাসান। ৭১ রান করা রহমাত শাহ’র উইকেটটি নিয়ে সাকিব এখন এককভাবে বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারি হয়ে গেলেন।
 
মিরপুরে টসে জিতে আগে ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে ২৬৫ রান করে মাশরাফিরা। বাংলাদেশের ছুড়ে দেয়া ২৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৬ রানে দুই উইকেট হারায় আফগানিস্তান। মাশরাফির বলে উইকেটের পেছনে ক্যাচ আউট হওয়ার আগে ৩১ রান করেছিলেন মোহাম্মদ শাহজাদ। এর পরের ওভারেই সাকিবের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে গেছেন সাবির নুরি।
 
কিন্তু এরপরই হাল ধরেন হাশমত উল্লাহ শাহিদি ও রহমাত শাহ। দুই জন ধীর শুরু করলেও আস্তে আস্তে রানের গতি বাড়াতে থাকেন। দুই জনের মধ্যে ১৪৪ রানের জুটি গড়ে ওঠে। সেটাই ৪১তম ওভার করতে এসে ভাঙ্গেন সাকিব। ওভারের দ্বিতীয় বলেই রহমত শাহকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন সাকিব। আউট হওয়ার আগে ৭১ রান করেন তিনি।  রহমত শাহ সাকিবের ওয়ানডেতে ২০৮তম শিকার। এই উইকেটের মাধ্যমে টি টোয়েন্টি ও টেস্টের পরে ওয়ানডেতে আবদুর রাজ্জাককে পেছনে ফেলে এককভাবে সর্বোচ্চ উইকেট শিকারি হলেন।
 
এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত ৪২ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২০০ রান করেছে আফগানিস্তান। হাশমত উল্লাহ শাহিদি ৭১ রানে উইকেটে আছেন। 
 
ইত্তেফাক/এসএসএ