ময়লার ঝুড়িতে ৩ কেজি স্বর্ণ

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের টয়লেটের ময়লার ঝুড়ি থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।  
 
উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো সংশ্লিষ্টদের উপস্থিতিতে খোলা হয়। ৫০০ গ্রাম ওজনের ৫টি এবং ১০০ গ্রাম ওজনের ৫টিসহ মোট ১০টি বার পাওয়া যায়। এদের মধ্যে ১ কেজি ওজনের ২টি বার চার টুকরা করা অবস্থায় ছিল। পরে ওজন করে দেখা যায় এই ১০টি বারের ওজন ৩ কেজি। এর বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা। 
 
IMG0
 
ঢাকা কাস্টমস হাউজের উপ-কমিশনার রিয়াজুল ইসলাম জানান, আজ সোমবার ভোরে বিমানবন্দরে বিভিন্ন স্থান থেকে ৩টি ফ্লাইট পৌঁছে। আগে থেকেই খবর ছিল যে, এই তিনটি ফ্লাইটের যেকোনো যাত্রী স্বর্ণ বহন করছেন। বিমানবন্দরে তল্লাশি করে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে যাত্রীদের টয়লেটে ব্যবহৃত টিস্যু পেপার ঝুড়িতে তল্লাশি করা হয়। ঝুড়ি ভেতরে টেপ প্যাঁচানো অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। 
 
কাস্টমস ও শুল্ক গোয়েন্দা বিভাগের একজন কর্মকর্তা জানান, বিমানবন্দরে সিসি ক্যামেরায় একজন স্টাফকে ওই স্বর্ণের চালান বহন করে টয়লেটে যেতে দেখা গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
 
 
ইত্তেফাক/কেকে