প্রশাসনের সার্বক্ষণিক তদারকি

ভাঙ্গায় ৮৩ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি শেষ পর্যায়

 
ফরিদপুরের ভাঙ্গায় ৮৩টি মণ্ডপে শারদীয় দুর্গা পূজা উদযাপনের প্রস্তুতি শেষ পর্যায়। এখন চলছে শেষ মুহূর্তের রং তুলি আচর, প্রতিমাকে বিভিন্ন সাজে সজ্জিত ও মণ্ডপের চারপাশ সৌন্দর্য বর্ধনের কাজ। প্রতিটি মণ্ডপেই সরকারি আর্থিক সহায়তার পাশাপাশি প্রতিনিয়ত খোঁজ খবর নিচ্ছে উপজেলা প্রশাসন। আগামী ৭ অক্টোবর শুক্রবার ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে শুরু হবে শারদীয় দুর্গা পূজা উদযাপন এবং ১১ অক্টোবর মঙ্গলবার বিজয়াদশমীর মধ্যে দিয়ে শেষ হবে পূজার আনুষ্ঠানিকতা।
 
এদিকে পূজার দিন ঘনিয়ে আসায় শহরের মার্কেটগুলো নতুন জামা কাপড়, স্বর্ণের গহনা সহ বিভিন্ন জিনিসপত্র কেনাকাটা জমে উঠেছে। ভাঙ্গা  পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু জগদিস চন্দ্র মালো জানান, প্রতিবারে মত এবারও অনেক ধুমধাম করেই পূজা উদযাপন করার আশা করছি। এবার পৌর সদরের স্বর্ণকার পট্টি, হুগলাডাঙ্গি মদন মহন মন্দির,  কালিবাড়ী বাজার নাট মন্দির ও মধ্যপাড়া হাসামদিয়া নাট মন্দিরে জাঁকজমক পূর্ণ দুর্গোৎসব পালনের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
 
এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান শাহাদাৎ হোসেন বলেন, ধর্ম যার যার উৎসব সবার তাই আমরা সকলে মিলে সনাতন ধর্মের অনুসারীদের পাশে থেকে একত্রে সার্বজনীন এই পূজার উদযাপন করব।
 
অপরদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসান হাবিব বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি মন্দিরে সরকারি সাহায্যর পাশাপাশি পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। সমগ্র উপজেলায় যাতে প্রতিটি মণ্ডপে সকলে নির্বিঘ্নে পূজার আনন্দ উপভোগ করতে পারে সে লক্ষে প্রশাসন সর্বাত্মক কাজ করে যাচ্ছে।
 
ইত্তেফাক/আরএ