পটিয়ায় পিডিবির মনগড়া বিল, গ্রাহকদের বিক্ষোভ

চট্টগ্রামের পটিয়া বিদ্যুৎ বিতরণ বিভাগের পিডিবির মিটার রিডাররা রিডিং না দেখে মনগড়া বিল তৈরি করেছেন বলে স্থানীয় গ্রাহকরা অভিযোগ করেছে।
 
সোমবার সকাল ১১টার দিকে বিক্ষুব্ধ গ্রাহকেরা পটিয়ার পিডিবি অফিসে এ অভিযোগে বিক্ষোভ করে। শতাধিক গ্রাহক বিদ্যুৎ অফিসে গিয়ে নিবার্হী প্রকৌশলীর কার্যালয় ঘেরাও করে তাদের অভিযোগ তুলে ধরেন।
 
গ্রাহকরা বলেন, এক বছর ধরে তারা বাড়তি বিলের বোঝা টানছেন। তাই তারা অসহায় হয়ে প্রকৌশলীকে অভিযোগ দিয়েছেন।
 
পিডিবি পটিয়া বিদ্যুৎ বিতরণ বিভাগের নিবার্হী প্রকৌশলী আবু সাঈদ বলেন, ‘আগস্ট মাসে ২৬ জন রিডিং ম্যাসেনজার বেসরকারিভাবে নিয়োগ দেয়া হয়েছে। তাদের প্রশিক্ষণ দেয়া হলেও মিটার সর্ম্পকে ভালভাবে না জানায় রিডিং সংগ্রহে তারা কিছু ভুল করছে। সামনের মাস থেকে এগুলো ঠিক হয়ে যাবে। আমার কাছে যে অভিযোগগুলো আসছে আমি তা তদন্ত করে ব্যবস্থা নেয়ার চেষ্টা চালাচ্ছি।’
 
ইত্তেফাক/এএসএমইউ