গাজীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। দণ্ডপ্রাপ্ত মো. ফারুক হোসেন (৪৫) টঙ্গীর মাজার বস্তি এলাকার বাসিন্দা।
সোমবার দুপুর আড়াইটার দিকে গাজীপুরের জেলা ও দায়রা জজ একেএম এনামুল হক জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে রায়ে আসামিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো এক মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
গাজীপুর আদালতের পিপি অ্যাডভোকেট হারিছ উদ্দিন আহম্মেদ জানান, টঙ্গীর ভরানের তাজিম শাহের এলাকার আবু ইউসুফ দেওয়ানের মেয়ে রত্নার (৩০) সঙ্গে ১৫ বছর আগে একই এলাকার ফারুক হোসেনের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের দুটি মেয়ে ও একটি ছেলে সন্তান রয়েছে। আসামি ফারুক প্রায় সময়ই নেশা করে তার স্ত্রী রত্নাকে মারপিট করতো। বিগত ২০১০ সালের ২ আগস্ট রাতে ফারুক হোসেন মদ্যপান করে তার স্ত্রী রত্নাকে মারপিট ও শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। পুলিশ নিহত রত্নার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালে পাঠায়।
ঘটনার পরদিন নিহতের বাবা আবু ইউসুফ দেওয়ান বাদী হয়ে ফারুক হোসেনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। এ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবুল বাশার তদন্ত শেষে ২০১১ সালের ১৩ মে আদালতে অভিযোগপত্র জমা দেন। ওই বছরের ২৬ সেপ্টেম্বর আসামি ফারুকের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত মামলার কার্যক্রম শুরু করে। মামলায় পাঁচজনের সাক্ষ্য গ্রহন করা হয়।
রাষ্ট্র পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মো. হারিছ উদ্দিন আহম্মেদ ও আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান আকন।
ইত্তেফাক/এএসএমইউ