কেরানীগঞ্জে ডাকাতি, নগদ টাকা এবং ৮০ ভরি স্বর্ণালংকার লুট

ঢাকার কেরানীগঞ্জে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে একটি জুয়েলারির দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদল নগদ টাকা, ৮০ ভরি স্বর্ণালংকারসহ দোকানের সিসি ক্যামেরা খুলে নিয়ে গেছে বলে দোকানের মালিকের দাবি।
 
সোমবার রাতে দোকান বন্ধের একটু আগে উপজেলার মডেল থানাধীন জিনজিরা বাজার এলাকার কালাচাঁন প্লাজা মার্কেটের গোবিন্দ জুয়েলার্সের দোকানে এ ঘটনা ঘটে বলে জানান কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনসারী জিন্নাত আলী।
 
দোকান মালিক ও কর্মচারীদের বরাত দিয়ে তিনি জানান রাত পোনে ৯টার দিকে ১০/১২ জনের সংঘবদ্ধ ডাকাতদল হঠাৎ ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দোকানে ডুকে পড়ে। তারা দোকানের সবাইকে পিস্তলসহ ধাঁরালো অস্ত্রের মুখে জিম্মি করে দোকান থেকে সব স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে আবার ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
 
ককটেল বিস্ফোরণে ফুটপাতের চটপটি বিক্রেতা আব্দুর রাজ্জাক ও পাপোস বিক্রেতা শাহাদাত হোসেন আহত হয়। স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় বলে ওই পরিদর্শক জানান।
 
সংবাদ পেয়ে ঘটনার পরপরই পুলিশ ও র‌্যাবসহ ঢাকা জেলা পুলিশ সুপার শাহ্ শফিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে।
 
গোবিন্দ জুয়েলার্স দোকানের মালিক গোবিন্দ চন্দ্র বর্মণ বলেন, ডাকাতদল দোকান থেকে প্রায় ৮০ ভরি স্বর্ণালংকার, নগদ তিন লাখ টাকা ও দোকানের গোপন ক্যামেরাও লুট করে নিয়ে গেছে।
 
কেরানীগঞ্জ মডেল থানার ওসি ফেরদাউস হোসেন বলেন, ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে ও পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
 
ইত্তেফাক/এএন