বগুড়ার শেরপুর পৌর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ কাগজ-পত্র চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার রাতে পৌরশহরের গোসাইপাড়াস্থ ভূমি অফিসে দুর্বৃত্তরা এই দুঃসাহসিক ঘটনাটি ঘটায়।
এদিকে এই চুরির খবর পেয়ে মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুজ্জামানসহ উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের একাধিক কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন।
অত্র অফিসের সহকারী (ভূমি) কর্মকর্তা ফেরদৌস শহিদ প্রিন্স ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার দিন বিকেলে অফিসটি তালাবদ্ধ করে তিনিসহ অফিসের সবাই চলে যান। কিন্তু সকালে অফিসে এসে দেখতে পান অফিসে রক্ষিত স্টিলের আলমারির তালা ভাঙা। খাজনার দাখিলা বহির পাতা-০৩৭৯৯৯ হইতে ০৩৮০০০পর্যন্ত বহি নেই। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্রও তছনছ করা হয়। তবে আর কোনো কাগজপত্র খোয়া গেছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে। তাই এই মুহূর্তে খোয়া যাওয়ার বিষয়টি সঠিক তথ্য বলা সম্ভব নয়। এই কর্মকর্তা জানান, সংঘবদ্ধ দুর্বৃত্তরা ভূমি অফিসের টিনের চালা কেটে ভেতরে প্রবেশ করে। এরপর ওইসব কাগজপত্র চুরি করে নিয়ে যায় বলে তিনি দাবি করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরোজুল ইসলাম জানান, ঘটনাটির খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। একইসঙ্গে শেরপুর থানায় সাধারণ ডায়েরি করার জন্য সহকারী ভূমি কর্মকর্তাকে নির্দেশ দেন। এছাড়া উক্ত ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলেও জানান এই কর্মকর্তা জানান।