অনূর্ধ্ব ১৮ হকি: ওমানকে ১০-০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

ব্যাপক প্রস্তুতি নিয়ে ঢাকায় আসা ওমানকে ১০-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকির সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। মঙ্গলবার মওলানা ভাসানি হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধেই সাত গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। 
 
দ্বিতীয়ার্ধে আরও তিনটি গোল দিয়ে ১০-০ গোলের বড় জয়ে পুল ‘এ’র চ্যাম্পিয়ন হয়েছে রোমান বাহিনী।  শক্তিশালী ভারতকে ৫-৪ গোলে হারিয়ে এশিয়া কাপ শুরু করা বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ দল ফাইনালে ওঠার লড়াইয়ে বৃহস্পতিবার মুখোমুখি হবে পুল ‘বি’র রানার্সআপ চাইনিজ তাইপের। 
 
ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। রাব্বির বাড়ানো বল গতিময় হিটে লক্ষে পৌঁছে দেন মাহাবুব। সপ্তম মিনিটে আশরাফুলের বাড়ানো বল থেকে নিখুঁত ফ্লিকে ব্যবধান দ্বিগুণ করেন এরশাদ। দশ মিনিট পর সার্কেলের জটলা থেকে গোল করে স্কোরকে ৩-০ করেন ম্যাচ সেরার পুরস্কার পাওয়া মহসিন। একটু পর রোমান সরকারের তৈরি করে দেওয়া বলে আলতো টোকায় লক্ষ্যভেদ করেন রাব্বী। 
 
২০তম মিনিটে প্রথম পেনাল্টি কর্নার পায় বাংলাদেশ। রাব্বির পুশ নাইমের স্টপ থেকে আশরাফুলের হিট ঠিকানা খুঁজে পায়। ২৯তম মিনিটে মহসিনের ফ্লিকে স্কোরলাইন হয় ৬-০। ৩৩তম মিনিটে দ্বিতীয় পেনাল্টি কর্নার থেকেও গোল আসে। এবার রাজু আহমেদের পুশ রাব্বির স্টপ থেকে গোল করেন পেনাল্টি কর্নার স্পেশালিস্ট আশরাফুল। ফলে ৭-০ গোলের ব্যবধান নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। 
 
দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান একটু কমানোর সুযোগ পেয়েছিল ওমান। কিন্তু গোলরক্ষক ইয়াসিন আরাফাত দারুণ দৃঢ়তায় ফিরিয়ে দেন দুটি আক্রমণ। প্রথমার্ধের সাত গোলে এগিয়ে থাকার কারণে বাংলাদেশ দ্বিতীয়ার্ধে ছিল নির্ভার। ফলে খেলার গতিও কমে আসে। ৫৩তম মিনিটে সার্কেলের ভিতর থেকে মহসিন দলকে অষ্টম গোল এনে দেন। আট মিনিট পর রাজু-নাইম-আশরাফুলের কম্বিনেশনে পেনাল্টি কর্নার থেকে স্কোরলাইন ৯-০ করে আশরাফুল। শেষ দিকে রাব্বির দ্বিতীয় গোলে ১০-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।  বাসস।
 
ইত্তেফাক/এসএসএ