রাজধানীর ধানমন্ডিতে পানির রিজার্ভ ট্যাঙ্ক বিস্ফোরিত হয়ে ছয়জন দগ্ধ হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১০টায় ধানমন্ডির আবাসিক এলাকার ৪ নম্বর রোডের ৩৪/এ নম্বর বাড়ির পানির রিজার্ভ ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন-সাদ্দাম হোসেন (৩০), আবেদ আলী (৪৫), আবদুর রাজ্জাক (২৫), মাসুম আলী (২৪), শিরীন আকতার (২৭) ও আবদুর রাজ্জাক (৫০)।
ধানমন্ডি থানার ওসি আবদুল লতিফ জানান, সালিমা বেগমের মালিকানাধীন বাড়ির নিচতলায় পানির রিজার্ভ ট্যাঙ্ক পরিষ্কার করতে পাঁচজন শ্রমিক সকালে কাজ করকে আসে। এসময় রিজার্ভ ট্যাঙ্কের মধ্যে বৈদ্যুতিক লাইট জ্বালাতে গেলে নিচে জমে থাকা বিষাক্ত গ্যাস প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হয়। অগ্নিদগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে মাসুম আলীর শরীরের ৪৯ শতাংশ, আবদুর রাজ্জাকের (৫০) শরীরের ৩৮ শতাংশ ও সাদ্দাম হোসেনের শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। চিকিত্সরা জানিয়েছে, এদের অবস্থা আশঙ্কাজনক।
ইত্তেফাক/এএসএস