কুড়িগ্রামের পথে সৈয়দ হকের মরদেহ

 
সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মরদেহ নিয়ে কুড়িগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছে সেনাবাহিনীর হেলিকপ্টার। বুধবার বেলা পৌনে ২টার দিকে সর্বস্তরের শ্রদ্ধা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে সেনাবাহিনীর হেলিকপ্টার তার মরদেহ নিয়ে রওনা দেয়।
 
এর আগে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সৈয়দ শামসুল হকের মরদেহ বেলা সোয়া ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়। সেখানে রাষ্ট্রপতিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শেষ শ্রদ্ধা জানান সৈয়দ হককে।
 
শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে তার মরদেহ নেয়া হয়। সেখানে বাদ জোহর তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
 
এর আগে বাংলা একাডেমি প্রাঙ্গণে সৈয়দ শামসুল হকের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। তার প্রথম জানাজা রাজধানীর তেজগাঁওয়ে চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
 
উল্লেখ্য, মঙ্গলবার বিকাল ৫টা ২৬ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই সব্যসাচী। তার বয়স হয়েছিল ৮১ বছর।
 
 
ইত্তেফাক/কেকে