নেত্রকোনার পূর্বধলা উপজেলা সদরের স্টেশন বাজারে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে একটি মুদি দোকান, একটি ঔষধের দোকান, একটি ইলেক্ট্রনিক্সের দোকান ও একটি সেলুন ভস্মীভূত হয়ে গেছে।
মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। দোকান মালিকরা জানান, এতে দোকানে থাকা নগদ টাকা ও মালামালসহ প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে স্টেশন বাজারের আল আমিনের মুদি দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে ওই দোকানগুলোও পুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্টসার্কিট বা মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছিল।
উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজল ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মীর মোর্শেদ রানা ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দেন।
ইত্তেফাক/এএসএমইউ