নওগাঁয় ভ্যানের চাকায় ওড়না জড়িয়ে স্কুল ছাত্রীর মৃত্যু

 
নওগাঁর সাপাহারে বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে অটোচার্জার ভ্যানের চাকায় ওড়নায় জড়িয়ে পুষ্প সাহা (১২) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।  পুষ্প সাহা তিলনা হিন্দু পাড়ার প্রদীপ সাহার মেয়ে ও তিলনা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী।
 
স্থানীয় সূত্রে জানা যায়, পুষ্প সাহা সকালে তার বাবার সঙ্গে উপজেলার তিলনা বাজার থেকে অটোচার্জার ভ্যান যোগে কেনাকাটার জন্য সাপাহার বাজারে আসছিল। পথিমধ্যে হরিপুর মোড়ের কাছে পৌছলে অসাবধানতা বসত গলায় থাকা ওড়না অটোচার্জার ভ্যানের চাকায় জড়িয়ে গেলে গলায় ফাঁস লেগে পুষ্প রাস্তায় ছিটকে পড়ে। তাৎক্ষনিক স্থানীয়রা পুষ্পকে উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম ঘটনার নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/আরএ